
ঘরের মাঠে বিশ্ব হকি লিগের সেমিফাইনালে খেলার আশা ছিল। অসম্ভবও মনে হয়নি তা। কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেনি। সামর্থে্যর পুরোটা খেললে না হয় সান্ত্বনা থাকত। সেটিও নেই। টুর্নামেন্টটা তাই দ্রুতই ভুলে যেতে চাইবে বাংলাদেশ।
এই টুর্নামেন্টে অনেক কিছুই ঠিকঠাক হয়নি স্বাগতিক দলের। পেনাল্টি কর্নারে গোল না আসা নিয়ে বিস্তর কথা হয়েছে। অনভিজ্ঞ স্ট্রাইকারদের ব্যর্থতায় নষ্ট হয়েছে অনেক সুযোগ। তবু কোয়ার্টার ফাইনালে জ্বলে ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন খেলোয়াড়েরা। উল্টো ৫-১ গোলে মিসরের কাছে উড়ে যেতে হয়েছে কাল। এই হার বাংলাদেশ দলকে উপলব্ধি করতে বাধ্য করছে, মাঠে সেরাটা দিতে না পারলে প্রতিপক্ষ ‘ক্ষমা’ করে না।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত চার ম্যাচে বাংলাদেশের একমাত্র জয় দ্বিতীয় গ্রুপ ম্যাচে। ফিজির বিপক্ষে ৫-১। ফেবারিট মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে শুরু করলেও হতাশা ছিল না তাতে। কিন্তু তৃতীয় গ্রুপ ম্যাচে ওমানের কাছে ৩-২ গোলে হারই পেছনে ঠেলে দেয়। কোয়ার্টার ফাইনালে সামনে পড়ে যায় র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মিসর। এই ব্যবধানটা মাঠে লড়াই করে দূর করতে চেয়েছিল র্যাঙ্কিংয়ে ৩২তম অবস্থানে থাকা বাংলাদেশ।
কিন্তু লাল-সবুজ জার্সিধারীদের স্টিক ওয়ার্কে পরিকল্পনার ছাপ মিলল কমই। যা একটু গোছানো লাগল দ্বিতীয় কোয়ার্টারে।
এর আগেই অবশ্য ৪ মিনিটে নিজেদের প্রথম পেনাল্টি কর্নারেই গোল করে মিসর। ১৭ মিনিটে ফিল্ড গোলে ২–০। ২ মিনিট পরই মিলনের পাস থেকে কৌশিক ফাঁকা পোস্টে ১-১ করলে সবাই নড়েচড়ে বসেন। কিন্তু নিজেদের ভুলে আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকেরা। গোলের বড় ভরসা জিমি নেমেছিলেন পায়ে চোট নিয়ে। তাঁকে সেভাবে চেনাই যায়নি।
একটা সময় আন্তর্জাতিক হকিতে পেনাল্টি কর্নারে নিয়মিতই গোল পেতেন চয়ন। এখন যেন তিনি গোল করতে ভুলে গেছেন। এই টুর্নামেন্টে পেনাল্টি কর্নারে তাঁর গোল মাত্র তিনটি। কাল পাওয়া চারটি পেনাল্টি কর্নারের তিনটি নিয়েছেন চয়ন, অন্যটি আশরাফুল। কিন্তু কোনোটিই নিশানায় ছিল না। উল্টো ৩০, ৪৯ ও ৫৫ মিনিটে মিসর তুলে নিয়েছে আরও তিনটি ফিল্ড গোল।
মিসরের খেলোয়াড়দের ফিটনেস খুব ভালো নয়। স্কিলের ওপর খেলেন তাঁরা। সেই মিসরকে কৃতিত্ব দিলেও বাংলাদেশের সাবেক খেলোয়াড়, সংগঠকেরা দুষছেন বাংলাদেশ কোচ অলিভার কার্টজকে। তাঁর দল নির্বাচনের সমালোচনা শোনা যাচ্ছিল খোদ নির্বাচকদের মুখেই। স্পষ্টই বোঝা যাচ্ছিল, দুই পক্ষে একটা দ্বন্দ্ব চলছে।
তবে অলিভারের কাঠগড়ায় প্রস্তুতির ঘাটতিই বড়, ‘আমরা পর্যাপ্ত অনুশীলন ম্যাচ খেলতে পারিনি। এটাই সবচেয়ে বড় সমস্যা করেছে।’ এটি অবশ্য অনেকের চোখেই ‘অজুহাত’। কারণ এর চেয়ে কম প্রস্তুতি নিয়েও নিকট অতীতে ভালো খেলেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্ট শুরুর আগে ঘানার সঙ্গে বাংলাদেশ তিনটি অনুশীলন ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকায় ক্যাম্প করতে না যাওয়াটাকেই আসলে বড় করে দেখতে চান অলিভার।
তবে হতাশায় কাতর থাকলে চলছে না। সামনে আছে আরও দুটি ম্যাচ। আগামীকাল সকাল সোয়া নয়টায় প্রাক-স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গে। এই ম্যাচে জিতলে সুযোগ মিলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার। হারলে খেলতে হবে সপ্তম স্থানের জন্য।