পারলেন না জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব দাবায় জিয়া
বিশ্ব দাবায় জিয়া

বিশ্বকাপের প্রথম রাউন্ডে থেকে এবারও ছিটকে গেলেন জিয়াউর রহমান। এর আগে ২০০৭, ২০১১ ও ২০১৩ বিশ্বকাপেও একই অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টারের। তবে আগের তিনবারের সঙ্গে এবারের অমিল আছে। এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা প্রায় খুলে ফেলেছিলেন জিয়া। রাশিয়ান সুপার গ্র্যান্ডমাস্টার ইভগেনি টমাশেভস্কির সঙ্গে প্রথম রাউন্ডে প্রথম দুটি ম্যাচই ড্র হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে কে যাবেন, সেটির মীমাংসার জন্য তাই দুজনকে মুখোমুখি হতে হয় আরও দুবার। দ্বিতীয় ম্যাচও ড্র হওয়ায় কাল তাঁদের খেলতে হয় ২৫ মিনিটের দুটি ম্যাচ। র্যা পিড দাবার ওই দুটি ম্যাচেই হেরে গেছেন জিয়া।
প্রথম ম্যাচে সাদা নিয়ে লড়েছেন ৬৬ চাল পর্যন্ত, কালো নিয়ে দ্বিতীয় ম্যাচের আয়ু ছিল ৪০ চাল। ২৫ মিনিটের দুটি ম্যাচ ১-১ থাকলে কালই ১০ মিনিটের দুটি ম্যাচ হতো। তাতেও নিষ্পত্তি না হলে ৫ মিনিটের দুটি ম্যাচ। এভাবে টাইব্রেকিংয়ে নিষ্পত্তি হতো দুজনের লড়াইয়ের। অত দূর অবশ্য যেতে হলো না।
২৭৫৮ রেটিংধারী টমাশেভস্কিকে প্রথম রাউন্ডের দুটি ম্যাচে রুখে দেওয়া জিয়ার জন্য বড় কৃতিত্বই। ধারণা করা হচ্ছিল, র্যা পিড ম্যাচে কুলিয়ে ওঠা কঠিনই হবে ২৫০০ রেটিংয়ের জিয়ার জন্য। কার্যত সেটাই হলো।
বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র দাবাড়ু হিসেবে ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এনামুল হোসেন রাজীব। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও একবার বিশ্বকাপে খেলে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন (১৯৯৭)। বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে একমাত্র জিয়াই একাধিকবার বিশ্বকাপের মঞ্চে গেছেন। তবে এবারও সেই আফসোসই সঙ্গী হলো তাঁর।
আজারবাইজানে ম্যাচের পর ফোনে জিয়ার সঙ্গে কথা হয়েছে তাঁর স্ত্রী তাসমিন সুলতানার। তাসমিন প্রথম আলোকে জিয়ার আক্ষেপের কথাই বলছিলেন, ‘জিয়া বলল, প্রথম ম্যাচ হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচটা ছিল ডু অর ডাই। তাই বেশি আক্রমণ করে খেলেছে, তাতেই সমস্যা হয়ে গেছে। এটাও বলল, বাংলাদেশে তো র্যা পিড দাবা সেভাবে হয় না। এর সঙ্গে তাই ও অভ্যস্ত নয়। রুশ দাবাড়ুরা আবার র্যা পিড দাবায় খুব ভালো।’