বাংলাদেশ গেমসে সোনা জিতবেন, এই আশা নিয়ে অনুশীলন করেছিলেন জুয়েল আহমেদ (জনি)। কিন্তু গেমসের কোয়ার্টার ফাইনালেই হেরে গেছেন এসএ গেমসের সোনাজয়ী বক্সার। শেষ আটে বিদায় নিয়েছেন আরেক সোনাজয়ী আবদুর রহিমও। দুজনেরই অভিযোগ, তাঁদের হারানো হয়েছে। কাল ফেডারেশনের বক্সিং রিংয়ের পাশে দাঁড়িয়ে হতাশ জুয়েল বললেন, ‘জুরি বোর্ডই আমাদের হারিয়ে দিয়েছে। প্রশাসনের চাপেই এটা করেছে ফেডারেশন। ভিডিও দেখলে সবাই বুঝবে আমি হেরেছি কি না।’ হারের পর লিখিত অভিযোগও করেছে আনসার কর্তৃপক্ষ। খেলাটা হয়েছে পরশু রাত সাড়ে ১১টায়। তখন ইলেকট্রনিক স্কোরবোর্ড চালানো হয়নি বলে অভিযোগ উঠেছে। বিচারকদের প্রতি ক্ষোভ নিয়ে জুয়েল বললেন, ‘আমার খেলার সময় যে পাঁচজন বিচারক ছিলেন তাঁদের তিনজনকে ১৭ বছরের বক্সিং ক্যারিয়ারে কোনো দিন দেখিনি। আসলে চেয়ার বাঁচাতে ওনারা এমন করেছেন। আমি খুব হতাশ। ভাবছি খেলাটাই ছেড়ে দেব।’ রাজশাহীর বক্সার রেন্টুর অভিযোগ, ‘সেনাবাহিনীর ওহিদুজ্জামানকে নকআউট করলেও আমাকে হারানো হয়েছে। ওই সময় ইলেকট্রনিক স্কোরবোর্ড বন্ধ রাখা হয়।’ বিচারপ্রক্রিয়ার বাইরেও দুর্নীতির অভিযোগ আছে। খেলোয়াড়েরা কেউ ট্র্যাকস্যুট-ট্রাউজার পাননি। গেমসের দলগুলোর নাম নিবন্ধনের জন্য নাকি দলপ্রতি ৫০০ টাকা নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ নাকচ করে ফেডারেশন সাধারণ সম্পাদক কুদ্দুস খান বললেন, ‘সব জাজমেন্ট স্বচ্ছ হয়েছে। কোথাও অনিয়ম হয়নি। যদি সেনাবাহিনীর ভয়ে জনিকে হারানো হয়, তাহলে রহিম কেন হারল? ও তো সেনাবাহিনীরই।’ ট্র্যাকস্যুটের ব্যাপারে বললেন, মাত্র ১৭০ সেট বিওএ থেকে পাওয়া গেছে। তাই সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। ১১০ জন খেলোয়াড়কে দেওয়া হবে এটি, বাকিগুলো সংস্থা ও কর্মকর্তাদের জন্য। অনেক বিচারক সঠিকভাবে ইলেকট্রনিক স্কোরবোর্ড চালাতে পারেন না বলেই এটা বন্ধ রাখা হচ্ছে বলে জানালেন।