পারলেন না পার্তিকা
এক হাতে খেলেই তৃতীয় রাউন্ডে উঠে গিয়েছিলেন নাতালিয়া পার্তিকা। কিন্তু এর বেশি আর যেতে পারলেন না। পরশু টেবিল টেনিস মহিলা এককের তৃতীয় রাউন্ডে বিদায় নিতে হলো পোল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী তরুণীকে। হল্যান্ডের লি জাইয়ের কাছে হেরেছেন ২-৪ সেটে। কিন্তু পরাজয় সত্ত্বেও যেভাবে দর্শকের অভিনন্দন পেলেন, এক অর্থে ‘বিশ্বজয়’ হয়ে গেছে।তবে পরাজয়ে আসলেই তাঁর মন এতটুকু খারাপ হয়নি। এককে পারেননি, দলগত ইভেন্ট তো বাকি আছে! অলিম্পিক শেষ হলে লন্ডনেই অংশ নেবেন প্যারালিম্পিকে। এই হারেও তাই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন, ‘আবার যখন এখানে প্যারালিম্পিকে খেলতে আসব সম্ভবত আমি একটু বাড়তি সুবিধা পাব। কারণ এখানে এরই মধ্যে আমি খেলে ফেলেছি।’ পার্তিকার মতো, শারীরিক প্রতিবন্ধী আরেকজন তারকা আছেন এবারের অলিম্পিকে—‘ব্লেড রানার’ অস্কার পিস্টোরিয়াস। গত বেইজিং অলিম্পিকে প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন পার্তিকা। এবারও সেই লক্ষ্যেই এগোচ্ছেন, ‘এক হাত না-থাকা আমার জন্য কোনো সমস্যাই না। অন্যরা যেভাবে খেলে আমিও সেভাবেই খেলি। একই রকম অনুশীলন করি। একই স্বপ্ন দেখি এবং তাদের মতোই খেলতে পারি।’এক হাতে খেলতে সমস্যা হয় না? প্রশ্নটা শুনতে শুনতে বিরক্ত এই পোলিশ, ‘আমি ওদের মতোই সার্ভ করতে পারি এবং কোনো সমস্যা হয় না। পঙ্গুত্ব নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি।’ এক হাতেই অসাধারণ খেলে চলেছেন পার্তিকা। এটা অন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য অনুপ্রেরণার আরেক নাম। পার্তিকা নিজেও তাই মনে করেন, ‘হতে পারে কেউ আমাকে দেখে অনুভব করে যে নিজেদের শারীরিক বাধা পৃথিবীকে ছোট করে দেয়নি। কল্পনার চেয়েও বড় কিছু অর্জনের সাহসও তারা করতে পারে।’ ওয়েবসাইট।