পারলেন না ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে ফিরে পাওয়ার আশায় রজার ফেদেরার নতুন বছরে শুরুটা করেছিলেন দুর্দান্ত। তবে ব্রিসবেন ইন্টারন্যাশনালে তাঁর শেষটা ভালো হলো না। দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও কাল হেরে গেছেন বন্ধু লেটন হিউইটের কাছে।
দুই বন্ধুর সাক্ষাতে এখনো ফেদেরার ১৯-৮ ব্যবধানে এগিয়ে। তবে ক্যারিয়ারের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সাবেক ১ নম্বর তারকা হিউইটের আধিপত্যই ছিল স্পষ্ট। ব্রিসবেনের ফাইনালের আগে ফেদেরার সেটা স্মরণও করিয়ে দিয়েছিলেন। দুজনের প্রথম আট সাক্ষাতে ছয়বারই জয়ী হিউইট। ফেদেরারের কথায় অনুপ্রাণিত হয়েই কি না, হিউইট দাপট দেখালেন কালও। আগের তিন ম্যাচেই পুরোনো ছন্দের ঝিলিক দেখানো ফেদেরারের শুরুটা হলো বাজে। ২৭ মিনিটেই হিউইট জিতে নেন প্রথম সেট। ফেদেরার ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট জিতলেও দুই ঘণ্টার লড়াইটা হিউইট জিতে নিয়েছেন ৬-১, ৪-৬, ৬-৩ গেমে। ২০১০ সালের পর এটাই হিউইটের প্রথম শিরোপা। ২০১০ সালে হ্যালেতে হিউইট জিতেছিলেন ফাইনালে ফেদেরারকে হারিয়েই। ফেদেরার না পারলেও তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল নতুন বছরেই একটা শিরোপা জিতলেন। যদিও তাঁর মৌসুমটা শুরু হয়েছে হার দিয়ে। সেটা অবশ্য আবুধাবির একটা প্রদর্শনী টুর্নামেন্টে। তবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নাদাল স্বরূপেই। পরশু ফ্রান্সের গায়েল মনফিলসকে হারিয়ে জিতেছেন কাতার ওপেন; ৬-১, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে। এএফপি।