পারলেন না ফেদেরার, রজার্স কাপ মারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনাল থেকে বিদায় করেছেন রাফায়েল নাদালকে, অ্যান্ডি মারের কবল থেকে রক্ষা পেলেন না ১৬টি গ্রান্ডস্ল্যাম জয়ী রজার ফেদেরারও। সুইজারল্যান্ডের এ তারকাকে গতকাল রোববার ৭-৫, ৭-৫ সেটে হারিয়ে রজার্স কাপের শিরোপা ধরে রেখেছেন স্কটল্যান্ডের অ্যান্ডি মারে।ইউএস ওপেনের আগে কানাডার হার্ডকোর্ডে দুর্দান্ত খেলা দেখালেন মারে। ফেদেরারকে হারিয়ে জিতলেন বছরের প্রথম শিরোপা। একই সঙ্গে নতুন একটি কীর্তিও গড়ে ফেলেছেন মারে। এর আগে বর্তমান র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নাদালকে বিদায় করেছিলেন, গতকালকের জয়ের পর পঞ্চম খেলোয়াড় হিসেবে একই প্রতিযোগিতায় নাদাল ও ফেদারারকে হারানোর রেকর্ড গড়লেন মারে।অ্যান্ডি মারে রয়টার্সকে বলছেন, ‘শিরোপা জয় সব সময় আনন্দের। কিন্তু প্রথমবারের মতো আমি একই প্রতিযোগিতায় নাদাল ও ফেদেরারকে হারিয়েছে, এটাই সবচেয়ে আনন্দের।’নাদাল ও ফেদেরারকে মারে আবার হারিয়েছেন সরাসরি সেটে, কোনো সেটেই হারের মুখ দেখতে হয়নি তাঁকে। ২৩ বছর বয়সী মারের প্রতিক্রিয়া, ‘এটা খুব আনন্দের। আমি মনে করি, এ রকম ঘটনা সচরাচর ঘটে না। প্রথমবারে মতো আমি এটি করতে পেরেছি। ফেদেরারের মতো তারকাকে সরাসরি সেটে হারাব কখনো কল্পনাও করতে পারিনি।’দুবার রজার্স কাপ জয়ী ফেদেরার ফাইনালে হারের পর বলেন, ‘এটা আমার জন্য বেশ কঠিন একটা ম্যাচ ছিল। দারুণ খেলেছেন অ্যান্ডি। তাঁর আক্রমণাত্মক খেলায় আমি খুব বেশি সুযোগ পাইনি। এ ম্যাচের অ্যান্ডিরই জয় প্রাপ্য ছিল।’—রয়টার্স