পারলেন না ফেল্প্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ফেল্পেসর ছায়া থেকে বেরিয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইল জিতলেন সতীর্থ রায়ান লোকিট। কাল সাংহাইয়ে ১ মিনিট ৪৪.৪৪ সেকেন্ড সময় নিয়ে লোকিট পেছনে ফেলেছেন এই ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন ফেল্প্সকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ইভেন্টে প্রথম পাঁচজনই ১ মিনিট ৪৫ সেকেন্ডের নিচে সময় নিয়েছেন। প্রায় ক্যারিয়ারজুড়েই ফেল্প্স এবং গত ফেব্রুয়ারিতে অবসর নেওয়া অ্যারন পিরসলের ছায়ায় ঢাকা ছিলেন ২৬ বছর বয়সী লোকিট। কালকের জয়টি আগামী বছরের লন্ডন অলিম্পিক জয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছে তাঁকে, ‘এটা আমার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়েছে। এটাই ছিল আমার অংশ নেওয়া সবচেয়ে কঠিন লড়াই।’কঠিনই বটে! এই ইভেন্টে লোকিট, ফেল্প্স ছাড়াও ছিলেন বিশ্ব রেকর্ডের মালিক জার্মানির পল বিডারমান ও দক্ষিণ কোরিয়ার ৪০০ মিটার ফ্রি স্টাইল চ্যাম্পিয়ন পার্ক তায়ে-হোয়ান। এই ইভেন্টে সবাই এত ভালো করছেন বলে বলা হচ্ছে, আগামী অলিম্পিকে হবে ‘শতাব্দীর সেরা প্রতিযোগিতা’র দ্বিতীয় পর্ব। কারণ তখন এঁদের সঙ্গে এই ইভেন্টে লড়বেন ‘থপের্ডো’ ইয়ান থর্পও। এথেন্স অলিম্পিকে পিটার ফন ডেন হুগেনব্যান্ড ও ফেল্প্সকে হারিয়ে জিতেছিলেন থর্প। ওই লড়াইটা সাঁতার বিশ্বে ‘শতাব্দীর সেরা প্রতিযোগিতা’ নামে পরিচিত। নাটক কম হয়নি ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও। ফটো ফিনিশেও আলাদা করা যায়নি দুই ফরাসি ক্যামিল লাকোর্ট ও জেরেমি স্ত্রাভিয়াসকে। সমান ৫২.৭৬ সেকেন্ড সময় নেওয়ায় দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়। ওদিকে মেয়েদের সাঁতারে অলিম্পিক চ্যাম্পিয়ন নাটালি কফলিনকে পেছনে ফেলে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা জিতেছেন স্বাগতিক চীনের ঝাও জিং। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা যুক্তরাষ্ট্রের রেবেকা সোনির। রয়টার্স।