পারলেন না ফোরলান
ফ্রান্সের সঙ্গে উদ্বোধনী দিনের ম্যাচটি ব্যতিক্রম। দুদলেরই গোলমুখ কেউ খুলতে পারেননি। মেক্সিকোর সঙ্গে গোল করার কাজটি তাঁকে করতে দেননি সতীর্থরাই। কিন্তু তারপর থেকে তো ডিয়েগো ফোরলান মানেই গোল, বিশ্বকাপের সুন্দরতম গোলগুলোর জন্ম। নামলেই গোল করেন। উরুগুয়ের ‘ছোট স্বপ্ন’কে বড় করে তোলার রসদ জোগান।হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে উরুগুয়ে শুরু থেকেই কেমন যেন ঝিমিয়ে পড়ল। মাঝমাঠে খেলাটা ধরতে পারছিল না কিছুতেই। বল ঘুরতে লাগল স্নাইডার, রোবেন, বোমেলদের পায়ে পায়ে। এর মধ্যে ১৮ মিনিটে আচমকা গোল করে হল্যান্ডকে এগিয়ে দিলেন তাদের অধিনায়ক জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট। ম্যাচের শুরুতেই তাহলে বিদায় লেখা হয়ে যাবে উরুগুয়ের? না, ফোরলান আছেন না! তবে তাঁকে শুধু গোল করলেই তো চলে না। নিচে নেমে বল ধরতে হয়। সতীর্থকে জায়গামতো বল জোগান দিতে হয়। প্রতিটি কর্নার কিক আর ফ্রি-কিক নিতে হয়। উরুগুয়ের প্রধান সেনাপতিকে খুব ক্লান্ত লাগল। ওদিকে বিরতির বাঁশি ঘনিয়ে আসছে। ফোরলান গোলপোস্ট থেকে অনেকটা দূরে বল পেলেন। মুহূর্তের জন্য একটু দ্বিধায় ভুগলেন, শট করবেন না, সতীর্থকে বাড়িয়ে দেবেন! শেষমেশ নিয়েই ফেললেন শটটা, কামানের গোলার মতো। বলটা কাঁপিয়ে দিল হল্যান্ডের জাল। ম্যাচে সমতা। গোটা গ্রিন পয়েন্ট স্টেডিয়াম বুঝল, এই উরুগুয়ে দুধভাত নয়। হল্যান্ড বুঝল, তারা ইউরোপের শক্তি হতে পারে, কিন্তু উরুগুয়ের হাতে লাতিন আমেরিকার পতাকা। এই দলে আছেন সোনালি চুলো যোদ্ধা ফোরলান, ‘গারা চারুয়া’ যাঁর উজ্জীবনী মন্ত্র। দ্বিতীয়ার্ধে মাঝমাঠের সঙ্গে রক্ষণের বুননটা একটু আলগা হয়ে পড়ায় তিন মিনিটের মধ্যে আরও দুই গোল খেয়ে বসল উরুগুয়ে। চোট নিয়েই খেলতে নেমেছিলেন, আর পারছেন না দেখে ১৬ মিনিট আগে কোচ অস্কার তাবারেজ তুলে নিলেন দলের প্রাণভোমরাকে। ফোরলান মাঠ ছেড়ে আসছেন, মনে হতে লাগল যেন কত দীর্ঘ পথ তিনি পাড়ি দিচ্ছেন। পার্শ্বরেখার বাইরে দাঁড়িয়ে দুহাত তুলে জনতাকে অভিবাদন জানালেন। মনে হলো তাঁর হাতে জমে আছে কত যুগের ভার।তার পরও ম্যাচ শেষে প্রশ্নটা বড় হয়ে উঠছে, তাবারেজ কি ভুলই করলেন ফোরলানকে তুলে নিয়ে? অতিরিক্ত সময়ে স্কোরলাইন ২-৩ হয়ে যাওয়ায় মনের মধ্যে কাঁটার খোঁচাটা নিশ্চয়ই আরও বেশি করে পেয়েছেন। বড় করুণ শোনাল উরুগুয়ে কোচের গলাটা, ‘আমার উপায় ছিল না। ডিয়েগো (ফোরলান) পারছিল না। ওর পেশিতে চোট ছিল, ক্লান্ত হয়ে পড়েছিল। আমাকে সংকেত দিয়েছিল আগেই।’মিক্সড জোনে দাঁড়ানো ফোরলানও যেন কোচের একনিষ্ঠ শিষ্য, ‘আমি ছিলাম একেবারেই অকার্যকর। যদি কিছু করতেই না পারলাম, মাঠে থেকে কী করব। আমি দৌড়াতে পারছিলাম না।’কথাটা যেন সত্যিকারের এক বীরের। কথাটা যেন সেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিষণ্ন স্ট্রাইকারের। বীরের মতো খেলতেই যদি না পারলেন, তাহলে বিশ্বশ্রেষ্ঠ এক দলে থেকে কী হবে! তিনি চলে এলেন স্পেনে। প্রথমে ভিয়ারিয়ালে, এরপর অ্যাটলেটিকো মাদ্রিদে। এই ছোট দলেই বীরত্ব দেখাচ্ছেন, বীরের পুজো পাচ্ছেন। অ্যাটলেটিকোয় ১০২ ম্যাচ খেলে করেছেন ৬৬ গোল। দুবার ইউরোপের গোল্ডেন বুট জিতেছেন, এবার একাই জিতিয়ে আনলেন ইউরোপা লিগ। রাজা তাঁর রাজ্যপাটই চাইবেন সব সময়। হোক তা সে যতই ছোট। তাই বিশ্বকাপে এসে আবারও ইউরোপের অনেক বড় বড় ক্লাবের প্রলোভন পেয়েও তিনি নির্লোভ। আপাতত অ্যাটলেটিকোই তাঁর সিংহাসন।আর্জেন্টিনার পেটের মধ্যে ঢুকে থাকা ছোট একটি দেশ উরুগুয়ে। ছোট একটি দলের বড় তারকার তকমা গায়ে এসেছিলেন বিশ্বকাপে। কিন্তু বেরিয়ে গেলেন সত্যিকার বড় তারকার ঔজ্জ্বল্য নিয়ে। বিশ্বকাপ ইতিহাস সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া কোনো খেলোয়াড়কে শ্রেষ্ঠত্বের পুরস্কার দিতে কুণ্ঠিত। না, তাহলে সোনার বলের প্রতিযোগিতায় ফোরলানের নামটাও বিবেচিত হতো।আয়তনে ছোট, জনসংখ্যা মাত্র ৩৪ লাখের মতো। সেই ছোট দেশটাই বিশালত্বের পরিচয় দিল বিশ্বকাপে। তাবারেজ সংবাদ সম্মেলনে বারবার বললেন এই কথাটাই, ‘একটা ছোট দেশের কোচ হয়ে এসে অনেক বড় সম্মান নিয়ে ফিরছি। খুব বেশি দিনের কথা তো নয়, উরুগুয়ের ফুটবলের নাম শুনলে লোকে হাসত। আমরা মনে হয়, সেই হাসিটা বন্ধ করতে পেরেছি। উরুগুয়ের ফুটবল যে হারিয়ে যায়নি, সেটা প্রমাণ করেছি।’শুধু অর্জনেও বড় নয়, ঔদার্যেও বড় মনের পরিচয় দিয়েছে উরুগুয়ে। স্নাইডারের করা হল্যান্ডের দ্বিতীয় গোলটি অফসাইডের কারণে বাতিল হওয়া উচিত ছিল কি না—এই প্রশ্নেও রেফারিকে মোটেই কাঠগড়ায় তোলেননি তাবারেজ, ‘এটা হতেই পারে। এই বিশ্বকাপে এ ঘটনা এটাই তো প্রথম নয়। আসল কথা হলো, আমরা হেরেছি একটা অসাধারণ দলের কাছে। যাদের আছে কিছু প্রকৃতিদত্ত প্রতিভা। ব্রঙ্কহর্স্টের ওই গোলের কথাই ভেবে দেখুন। এমন গোল করতে কী দক্ষতা লাগে!’তাবারেজ উঠে গেলেন, পরে মিক্সড জোন থেকে সব খেলোয়াড় তাঁর সঙ্গে হোটেলমুখী। টিম বাসে সি-পয়েন্ট পেরিয়ে যাওয়া উরুগুয়ে দলটিকে মনে হতে লাগল ওই বিশাল ‘গ্রে হাউন্ড’ বাসটার মতোই বড়। যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা বড় প্রত্যাশার ভার বইতে ব্যর্থ, সেখানে গোটা লাতিন আমেরিকার প্রতিনিধি হিসেবে শেষ চারে যুদ্ধ করল উরুগুয়ে। একটা চক্র পূর্ণ হয়ে গেছে, এখন হয়তো ছোট থেকে আবার বড় হয়ে ওঠার সময় ‘লা সেলেস্তি’দের।