পারলেন না বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জেতার পর আর কোনো টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে পারেননি আবদুল্লাহ হেল বাকি। সেই ধারাবাহিকতায় এবার দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়েও তাঁর লক্ষ্যটা অপূর্ণ থাকল। এই বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব পেরিয়ে সেরা আট অর্থাৎ ফাইনালে উঠতে চেয়েছিলেন বাকি। কিন্তু লড়াই করলেও শেষ পর্যন্ত গুলিটা গেছে কানের পাশ দিয়ে। নবম হয়েছেন বাংলাদেশের এই শুটার।
কাল বাকি স্কোর করেছেন ৬২৩.৭। তাঁর চেয়ে ভগ্নাংশেরও কম স্কোরে (৬২৩.৭) অষ্টম হয়ে সেরা আটে ওঠেন হাঙ্গেরির সিধি পিটার। বাংলাদেশের রিয়াসাতুল ইসলাম (৬২১.৫) ১৫তম হয়েছেন। ৬২০.৭ স্কোর নিয়ে রাব্বি হাসান মুন্না ১৮তম। ৬২৮.২ স্কোর নিয়ে বাছাইয়ে জাপানের সিমাদা প্রথম।
মেয়েদের ১০ মিটারেও বাংলাদেশের কোনো শুটার ফাইনালে জায়গা করে নিতে পারেননি। অভিজ্ঞ সুরাইয়া আক্তার ৪২ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ১৯তম। সতীর্থ সাইদা হাসান ও মাহফুজা জান্নাত যথাক্রমে ২৯ ও ৩০তম।