পারলেন না রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো
রোনালদিনহো

ক্লাব বিশ্বকাপের আসরে আরও একবার হতাশ হতে হলো রোনালদিনহোকে।২০০৬ সালে বার্সেলোনার জার্সি গায়ে ফাইনাল পর্যন্ত গেলেও শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি এই ব্রাজিলিয়ান তারকার।এবার নিজ দেশের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে ফাইনাল পর্যন্তও যেতে পারলেন না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।মরক্কোর ক্লাব রাজা ক্যাসাবাঙ্কার কাছে ৩-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোনালদিনহোর দলকে।

১৫ বছরের পেশাদারি ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন রোনালদিনহো।২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়েরও অন্যতম প্রধান নায়ক ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।অধরা ছিল শুধু ক্লাব বিশ্বকাপের শিরোপাটাই।এবারই হয়তো শেষ সুযোগটা এসেছিল রোনালদিনহোর সামনে।গতকাল প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও ফ্রি-কিক থেকে চমত্কার একটি গোল করে দলকে খেলায় ফিরিয়েছিলেন।কিন্তু একেবারে শেষমুহূর্তের দুই গোল হতাশায় ডুবিয়েছে রোনালদিনহোকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে ক্যাসাবাঙ্কা এগিয়ে গিয়েছিল মোহসিন লাজোউরের গোলে।৬৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে সমতা ফিরিয়েছিলেন রোনালদিনহো।এরপর বেশ কিছুক্ষণ ১-১ গোলের সমতা থাকার পর ৮৪ মিনিটে কপাল পোড়ে অ্যাটলেটিকোর।পেনাল্টি থেকে গোল করে ক্যাসাবাঙ্কাকে জয়ের পথে নিয়ে যান মোহসিনে মোউতুয়ালি।শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে আরও একটি গোল হজম করে মাঠ ছাড়তে হয় রোনালদিনহোর অ্যাটলেটিকোকে।

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামী শনিবার ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে মরক্কোর ক্লাব রাজা ক্যাসাবাঙ্কাকে।