পারলেন না শারাপোভা-মারে
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ফার্মারস ক্লাসিকে এর আগে সেমিফাইনালেই উঠতে পারেননি কোনো ব্রিটিশ। অ্যান্ডি মারে প্রথম ব্রিটিশ হিসেবে সেমিফাইনালে ওঠার পর উঠেছিলেন ফাইনালেও। হতে পারতেন লস অ্যাঞ্জেলেস ফার্মারস ক্লাসিকের শিরোপাজয়ী প্রথম ব্রিটিশও। কিন্তু পারলেন না। তাঁর আশায় জল ঢেলে লস অ্যাঞ্জেলেসে শিরোপা উৎসব করলেন ঘরের ছেলে স্যাম কুরে।পরশু মারে চোখের জল ফেলেছেন লস অ্যাঞ্জেলেসে। একই রাজ্যের স্টানফোর্ডে একই পরিণতি রুশ নন্দিনী মারিয়া শারাপোভার। ব্যাংক অব ওয়েস্ট ক্লাসিকের ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের হতাশায় মুখ ঢাকতে হয়েছে শারাপোভাকে। ফাইনালে তাঁকে হারিয়ে শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। মারের মতো ঐতিহাসিক অনুপ্রেরণা হয়তো ছিল না। তবে এক অর্থে শারাপোভার জন্যও ফাইনালটি ছিল বিশেষ। কারণ, প্রতিপক্ষ বেলারুশিয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কার মতো না হলেও শারাপোভার রক্তেও রয়েছে বেলারুশ গন্ধ। তাঁর জন্মের আগের বছরটিতেও বাবা ইউরি ও মা ইয়েলেনার বসতি ছিল বেলারুশে। ১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা না ঘটলে শারাপোভার পরিচয়ও হতে পারত বেলারুশিয়ান!মার্কিন স্যাম কুরেকে শিরোপা উৎসব করতে দেওয়ার আগে মারে চেষ্টার ত্রুটি করেননি। প্রথম সেট জিতে বরং তিনিই এগিয়ে ছিলেন। কিন্তু পরের দুই সেটই জিতে ম্যাচের ফল নিজের পক্ষে নিয়েছেন কুরে। জিতেছেন ৫-৭, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে। স্টানফোর্ডে শারাপোভার বিপক্ষে আজারেঙ্কা জিতেছেন সহজেই—৬-৪, ৬-১ গেমে। এএফপি।