পারলেন না সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের মতো কালও চ্যাম্পিয়নের উদ্যাপন করতে পারতেন। মঞ্চটা সেভাবেই সাজানো ছিল। প্রয়োজন ছিল শুধু পারফরম্যান্সের ধারাবাহিকতা। কিন্তু দিল্লি গলফ কোর্সের চেনা পরিবেশে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে দুইয়ে থাকা সিদ্দিকুর পঞ্চম হয়ে শেষ করেছেন প্যানাসনিক ওপেন। প্রাইজমানি পেয়েছেন প্রায় ৭ লাখ ৯৫ হাজার টাকা। কাল চতুর্থ রাউন্ডে পারের সমান খেলেছেন। সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে ১০ শট কম।
কাল দিনের শুরুটা বার্ডি দিয়ে করলেও ৫, ৬, ৭ ও ১২ নম্বর হোলে বগি করেছেন বাংলাদেশের গলফার। দিনের শেষ দিকে কিছুটা ফেরার চেষ্টা করেছেন। ১২, ১৪ ও ১৭ নম্বর হোলে বার্ডি করলেও শিরোপা ছোঁয়া হয়নি। পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শিব শঙ্কর প্রসাদ চৌরাসিয়া।
প্রায় পাঁচ মাস চোটে ভোগা সিদ্দিকুরের জন্য এই টুর্নামেন্টটা ছিল নিজেকে ফিরে পাওয়ার লড়াই। তা লড়াইয়ে মোটামুটি সফলই বলা যায় তাঁকে। এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়া সিদ্দিকুর ঘুরে দাঁড়ান পরের দুই রাউন্ডে। তবে কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ক্যারিয়ারের তৃতীয় শিরোপাটি জেতা হলো না তাঁর।
বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন হয়েছেন ২৫তম।