প্রয়োজন ছিল ৮৫, কিন্তু অ্যান্ড্রু স্ট্রাউস কাল করতে পেরেছেন মাত্র ২৫। ৬০ রান বেশি করতে পারলে অন্তত কিছু সময়ের জন্য হলেও ওয়ানডেতে এ বছরের সর্বোচ্চ রানসংগ্রহকারী হতে পারতেন ইংল্যান্ড অধিনায়ক। ৮৬৬ রান করে এখন শীর্ষে আছেন তিলকরত্নে দিলশান। এ বছর ইংল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ ছিল এটাই, ছাড়িয়ে যাওয়ার সুযোগ আর তাই পাচ্ছেন না স্ট্রাউস। শ্রীলঙ্কান ওপেনারের (১৭) চেয়ে অবশ্য ম্যাচ তিনটি কম খেলেছেন ইংল্যান্ড ওপেনার (১৪)। স্ট্রাউসের সুযোগ না থাকলেও দিলশানের নিশ্চিন্ত থাকার উপায় নেই, তাঁর পিছু ধাওয়া করছেন তিন অস্ট্রেলিয়ান। ৭৬১ রান করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, ৭২৪ ক্যামেরন হোয়াইট ও ৭০৬ শেন ওয়াটসন। এ বছর এখনো ছয়টি ওয়ানডে বাকি অস্ট্রেলিয়ার, পন্টিংরা তাই ভালো সুযোগই পাবেন। তবে শ্রীলঙ্কারও এখনো ম্যাচ বাকি আটটি, শেস হাসিটা হাসার সুযোগ তাই দিলশানেরও থাকছে!