পারলেন না ‘ম্যারাডোনা’
পরশু ছিল তাঁর ৩৫তম জন্মদিন। উৎসবটাকে মিলিয়ে দিতে পারতেন অলিম্পিক সোনা জয়ের উৎসবে। তেমনটাই চেয়ে থাকবেন—গলায় ঝুলবে অধরা অলিম্পিকের সোনা, সতীর্থরা তাঁকে ঘিরে গান গাইবেন, কেক কাটবেন। কিন্তু এসবের কিছুই হয়নি। ফাইনালে মহিলা হকির ম্যারাডোনাখ্যাত লুসিয়ানা আইমারের আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় অলিম্পিক সোনা জিতল হল্যান্ড। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ব্রিটেন।গত সপ্তাহেই অবশ্য অবসর নেওয়ার কথা বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এই হারের পর তাই প্রশ্নটা উঠল জোরালোভাবে, সত্যিই হকিস্টিক তুলে রাখছেন? পরিষ্কার উত্তর দেননি আইমার, ‘আমি জানি না, ঠিক কী করব। আবারও আমাকে মাঠে দেখতে না পাওয়াটা সত্যি কঠিন ব্যাপার হবে। কারণ আমি এই খেলাটা ভালোবাসি। শরীরিকভাবে মনে হয়েছে হয়তো খেলাটা চালিয়ে যেতে পারব এবং আমার সতীর্থরাও আমাকে খেলাটা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে। তবে এ মুহূর্তে শারীরিক ও মানসিকভাবে বিশ্রাম নেওয়াটাই আমার জন্য জরুরি। এবং এরপর হয়তো আমি আবারও বিবেচনা করব যে খেলাটা চালিয়ে যাব কি না।’ আর্জেন্টিনার কোচ কার্লোস রেতেগুই আইমারের অবসর কিছুতেই কল্পনায় ঠাঁই দিতে পারছেন না, ‘ও না থাকা আর্জেন্টিনা দলের জন্য বড় একটা শূন্যতা। ও একজন বড় মাপের অ্যাথলেট, যাকে তুলনা করা হয় ম্যারাডোনা, মাইকেল জর্ডান, ম্যানুয়েল ফাঙ্গিওর সঙ্গে।’ আইমারের কোচ তাঁকে দেখতে চান আগামী ২০১৪ সালের হকি বিশ্বকাপেও। রয়টার্স।