পারিবারিক ঐতিহ্য!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনই দৌড়াচ্ছিলেন বলের দিকে তাকিয়ে। দৌড়ানোর সময়ই গা ঘেঁষে সামনে থাকা মারিও মানজুকিচের সঙ্গে একটু ধাক্কামতো খেলেন অ্যালেক্স সং। তাকিয়ে একপলক দেখলেন মানজুকিচকে। মুহূর্তের মধ্যে কী ভাবলেন কে জানে, আচমকাই পেছন থেকে কনুই মেরে বসলেন মানজুকিচের পিঠে! ক্রোট স্ট্রাইকার কিছু বুঝে উঠতেও পারলেন না। কনুই খেয়ে চিৎপটাং! হঠাৎ সংয়ের কী হলো, সেটা মনোবিদদের গবেষণার বিষয়। তবে ফুটবল অনুসারীদের কিন্তু উত্তরটা জানাই। সং তো পারিবারিক ঐতিহ্যই ধরে রেখেছেন! অ্যালেক্সের চাচাতো ভাই রিগোবার্ট সং লাল কার্ড দেখেছিলেন ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে। দুটি বিশ্বকাপে লাল কার্ড ‘কৃতিত্ব’ ইতিহাসে আর একজনেরই আছে—জিনেদিন জিদান। অ্যালেক্স গত বিশ্বকাপে খেললেও রিগোবার্টের মতো কিছু করতে পারেননি। এ জন্যই হয়তো এবার অদ্ভুতুড়ে লাল কার্ডে শ্রদ্ধা জানালেন চাচাতো ভাইকে!