পারেননি ইতো
বিশ্ব ফুটবল মানচিত্রে আফ্রিকার নামটি ভালোভাবে গেঁথে দিয়েছে ক্যামেরুন। ১৯৯০ সালে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল আফ্রিকার অদম্য সিংহরা। চমকের শেষ এখানেই ছিল না। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেবার তারা উঠেছিল কোয়ার্টার ফাইনালে।নিজেদের মহাদেশের বিশ্বকাপে ক্যামেরুন আফ্রিকার আশা-ভরসার প্রতীক নয়। আফ্রিকানদের স্বপ্ন আর আশা এবার দিদিয়ের দ্রগবার আইভরিকোস্টকে ঘিরে। কিন্তু রজার মিলা-পরবর্তী সময়ে ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো ঘোষণা দিয়েছিলেন, ক্যামেরুন বিশ্বসেরা দল, এবার নাকি চ্যাম্পিয়নও হবে। সতীর্থদের অনুপ্রাণিত করতে দামি উপহারও কিনে দিয়েছেন নিজের পকেটের টাকা খরচ করে। এএফপি, ওয়েবসাইট।ইতোর দাম্ভিক ঘোষণার প্রতিফলন মাঠে দেখাতে পারেনি ক্যামেরুন। পরশু নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে গেছে জাপানের কাছে। সমালোচকেরা ক্যামেরুনের এভাবে হেরে যাওয়ার একটি কারণ অবশ্য আবিষ্কার করেছে—ইতোকে তাঁর জায়গায় খেলতে দেননি কোচ পল লি গুয়েন। তাঁকে মাঝমাঠের ডান দিকে খেলানো হয়েছে। আর এতেই নাকি সব গড়বড় হয়ে গেছে। ক্যামেরুনের কোচ অবশ্য দায়টা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন।