পার্ক মানে স্বপ্ন
গাস হিডিঙ্কের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তাঁর। হিডিঙ্ক তাঁর জন্য ছিল পরশপাথর। যাঁর ছোঁয়ায় পার্ক জি সুং বদলে গেছেন আমূল। ২০০২ বিশ্বকাপে হিডিঙ্ক ছিলেন দক্ষিণ কোরিয়ার কোচ। সেবার সবাইকে চমকে দিয়ে, পর্তুগাল আর স্পেনের মতো দলকে বিদায় করে যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। মাত্র ২১ বছর বয়সী মিডফিল্ডার পার্কও নজর কেড়েছিলেন সবার।সেই থেকে তাঁর উত্থান। হিডিঙ্ক দক্ষিণ কোরিয়া ছেড়ে ফিরে এলেন পিএসভি আইন্দহোফেনে। সঙ্গে করে নিয়ে এলেন পার্ককে। ডাচ এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সময়ই জহুরি অ্যালেক্স ফার্গুসনের আতশকাচে ধরা পড়েন। ২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিতে অভিষেক।এই পাঁচ বছরে পাল্টে গেছে অনেক কিছু। অভিজ্ঞতা বেড়েছে। সেদিনের ২১ বছর বয়সী পা দিয়েছেন ২৯-এ। সময় কত দ্রুতই না বয়ে যায়!আরেকটি বিশ্বকাপ দুয়ারে। পার্কে আশার বসতি দক্ষিণ কোরিয়ার। তার ওপর গত বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি তাদের। গ্রুপ পর্বেই বিদায়। উন্নতির রেখাটি ওপরের দিকে ওঠার বদলে হুট করে নেমে গেছে নিচে। এবার আবার চিরপ্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়াও খেলবে বিশ্বকাপে। অলক্ষ্যে এটাও একটা চাপ দক্ষিণ কোরিয়ার জন্য। দেশের সবাই-ই তো দুই দলের পারফরম্যান্স মাপবে নিক্তিতে।দেশের সবচেয়ে বড় ক্রীড়াতারকা পার্ক অবশ্য অভয় দিচ্ছেন। অভয় দিচ্ছে তাঁর ফর্ম। মূলত তিনি অ্যাটাকিং মিডফিল্ডার। সবচেয়ে বড় গুণ, মাঝমাঠে কোচের পছন্দ অনুযায়ী যেখানে খুশি খেলতে পারেন। তবে ইদানীং নিয়মিত গোলও করছেন এই খাঁড়া চুলো। জানুয়ারির শেষে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি তাঁর। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানকে নাস্তানাবুদ করা ৪-০ গোলের জয়েও গোল করেছেন একটি। ২১ মার্চ উত্তেজনায় ঠাসা লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়সূচক গোলটিও তাঁর।পার্ককে অবশ্য ফার্গুসন সবচেয়ে বেশি পছন্দ করেন তাঁর প্রচণ্ড দম, বলের পেছনে নাছোড় লেগে থাকা এবং নিঃস্বার্থভাবে আক্রমণভাগে বলের জোগান দিয়ে যাওয়ার কারণে। ওয়েইন রুনির দুর্ধর্ষ ফর্মের পেছনে যে কজন সতীর্থের অবদান, পার্ক তাঁদেরই একজন। ইংলিশরা যেমন প্রার্থনা করছে, রুনি যেন এই ফর্ম বিশ্বকাপেও ধরে রাখতে পারেন, দক্ষিণ কোরীয়দের আশাও পার্ককে নিয়ে।গ্রুপ পর্বে আর্জেন্টিনা, নাইজেরিয়া আর গ্রিস তাদের প্রতিপক্ষ। আর্জেন্টিনাকে ফেবারিট মানলেও গ্রিস, নাইজেরিয়াকে সমশক্তির মনে করছে দক্ষিণ কোরিয়া। বিদেশের মাটিতে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্নটাকে তাই খুব বেশি বাড়াবাড়ি বলা যাচ্ছে না। এবং সেই স্বপ্নের মূল কারিগর একজনই—পার্ক জি সুং।