পার্ককে দীর্ঘ মেয়াদে চায় সাঁতার ফেডারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্ক তে গুন
পার্ক তে গুন

মাত্র তিন মাসের অনুশীলনেই বদলে দিয়েছেন সাঁতার দলকে। সদ্য সমাপ্ত এসএ গেমসে বাংলাদেশের জেতা চারটি সোনার দুটিই উপহার সাঁতারের, ১০০ ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক থেকে যে দুটি উপহার দিয়েছেন মাহফুজা খাতুন শিলা। দুটি সোনা ও ১৫ ব্রোঞ্জসহ সবচেয়ে বেশি ১৭টি পদকও সাঁতারুদের দান। এমন সাফল্যের নেপথ্য কারিগর কোরিয়ান কোচ পার্ক তে গুন।
সাঁতার দলের সঙ্গে বাংলাদেশে ফিরে পার্ক চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায় বন্ধুর সঙ্গে দেখা করতে। সেখান থেকে তাঁকে গত পরশু জরুরি ফোন করে ঢাকায় ফিরিয়ে এনেছে ফেডারেশন। উদ্দেশ্য, তাঁকে দীর্ঘ মেয়াদে কোচ করে রেখে দেওয়া। আগামীকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের সঙ্গে পার্কের বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর ব্যাপারে কথা বলবে সাঁতার ফেডারেশন।
পার্কের বর্তমান মাসিক বেতন আড়াই হাজার ডলার, যার দেড় হাজার ডলার জোগায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বাকি এক হাজার ডলার দেয় ফেডারেশন। কিন্তু এবার পার্ক বেতন চেয়েছেন পাঁচ হাজার ডলার। পার্ক বাংলাদেশে কাজ করতে খুবই আগ্রহী, ‘আমি এখানকার সব সাঁতারুকে খুব ভালোবাসি। এদের নিয়ে কাজ করতে চাই। এ জন্য আপাতত পাঁচ হাজার ডলার বেতন পেলেই আমি খুশি।’ গুয়াহাটিতে গেমস চলাকালেই পার্কের সঙ্গে যোগাযোগ করেছে ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশই নাকি ছয় হাজার ডলার দিতে রাজি পার্ককে। তবুও পার্ক বাংলাদেশেই থাকতে আগ্রহী, ‘এখানে আমি ঢাকা গেমসেও কাজ করেছি। এবার মাত্র অল্প কয়েক দিন কাজ করেই ভালো সাফল্য পেয়েছি। দীর্ঘ মেয়াদে অনুশীলন করলে আরও বেশি সোনা জেতা সম্ভব। এদের সবার সঙ্গে আমার সম্পর্কটা এখন সন্তানের মতো হয়ে গেছে। তাই এখানে বেশি স্বচ্ছন্দে কাজ করতে পারব।’
এখনো পার্কের বেতনের ১ লাখ টাকা বকেয়া রয়েছে। সাঁতারুদের পোশাক কেনা বাবদ সাড়ে চার লাখ টাকাও পাবেন ফেডারেশনের কাছে। এসব নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন পার্ক, ‘আমি ফেডারেশনের কাছে এখনো সাড়ে পাঁচ লাখ টাকা পাই। নতুন করে চুক্তি হওয়ার আগে এ নিয়ে ফেডারেশনের কেউ আমাকে স্পষ্ট করে কিছু বলেনি। এমনকি বিওএর সঙ্গে বৈঠকের কথাও আমাকে কেউ জানায়নি।’
পার্কের প্রিয় ছাত্রী মাহফুজা সোনা জয়ের পরই কোচকে রেখে দেওয়ার দাবি তোলেন, ‘আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান পার্কের। আমি চাইব এই কোচকে যেন দীর্ঘ মেয়াদে রেখে দেওয়া হয়।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিনও মাহফুজার দাবিকে সমর্থনই করেন, ‘আমরা অনেক কাঠখড় পুড়িয়ে একেবারে শেষ মুহূর্তে পার্ককে এনেছিলাম। তিনি আমাদের সাফল্য দিয়েছেন, আমরা এবার দীর্ঘ মেয়াদে তাঁকে রেখে দেওয়ার পরিকল্পনা করছি। কিন্তু ওনার বেতন শুধু ফেডারেশনের পক্ষে দেওয়া সম্ভব না। এ জন্য বিওএর শরণাপন্ন হয়েছি আমরা।’