পার্কের বেতন নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল হামিদের কার্যকলাপে ভীষণ চটেছেন সাঁতার কোচ পার্ক তে গুন। কোচের অভিযোগ, তাঁকে ইদানীং মোটেও সহযোগিতা করছেন না হামিদ। কিছু বললে সেটিকে গুরুত্ব দেন না।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গে চুক্তির অধীনে কাজ করছেন পার্ক। বেতনের চেক বিওএ থেকে সাঁতার ফেডারেশনের তহবিলে জমা হয়। ব্যাংকে ওই চেক জমা দিতে গেলে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সই দরকার। পার্ক চলতি মাসের বেতনের চেক পরশু হাতে পেয়ে হামিদকে তিন কর্মকর্তার কাছ থেকে সই জোগাড় করতে বলেছিলেন। কিন্তু হামিদ সেটা করতে পারেননি বলেই ক্ষুব্ধ কোরিয়ান কোচ। পরশু সকালে এ নিয়ে সুইমিংপুলে দুজনের মধ্যে বেশ বাগ্বিতণ্ডা হয়েছে।
কাল এই অভিযোগের বিষয়ে হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তিনি আমাকে সহযোগিতা করতে বলেছেন। কিন্তু আমি কীভাবে এ ব্যাপারে তাঁকে সহযোগিতা করব? সেক্রেটারি গোপালগঞ্জে, কোষাধ্যক্ষ পাবনায়। তাঁকে বলেছি, পরের কার্যনির্বাহী সভা শনিবার, ওই দিন সই জোগাড় করে চেকটি ব্যাংকে জমা দিয়ে দেব।’
‘সেরা সাঁতারুর খোঁজে’ কর্মসূচিতে আসা সাঁতারুরা সুইমিংপুলের ডরমিটরিতে থাকছেন। তাঁদের নতুন নির্মিত ক্রীড়াপল্লি ভবনে তুলতে পার্ক সহযোগিতা চেয়েছিলেন হামিদের। কিন্তু এ ব্যাপারেও হামিদের উত্তর, ‘এখানেও আমি অসহায়। এই সিদ্ধান্তগুলো নেবে ইসি কমিটি।’