পার্কের ১০০ শোয়ার্জারের ৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় ফুটবলের দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপান আজ যখন মুখোমুখি হবে এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে, সেটি কোরিয়া-জাপানের চিরায়ত লড়াইয়ের চেয়েও বড় হয়ে উঠবে পার্ক জি-সুংয়ের ম্যাচ হিসেবে। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পার্ক যে আজ খেলবেন ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ!তাঁর আগে দক্ষিণ কোরিয়ার আরও সাতজনের আছে এই কীর্তি। সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলার রেকর্ডটির মালিক হং মিয়াং-বো। ২০০০ সালে অভিষিক্ত পার্কের বয়স এখন ২৯। লক্ষ্য নিশ্চয়ই হং মিয়া-বোকে ছাড়িয়ে যাওয়া? কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে এই টুর্নামেন্টের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বলে যে ইঙ্গিত দিয়ে রেখেছেন ‘এশিয়ান জেনারেল’।এশিয়ার প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার ক্ষেত্রেও ‘এশিয়ার একমাত্র’। এশিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গোল করেছেন তাঁর খেলা তিনটি বিশ্বকাপেই। শততম আন্তর্জাতিক ম্যাচেও নিশ্চয়ই একটা গোলের স্বপ্ন দেখছেন পার্ক।অস্ট্রেলিয়া-উজবেকিস্তান সেমিফাইনালটিও আজ। পার্কের মতো এই ম্যাচেও একজন থাকবেন আলোচনায়—অস্ট্রেলীয় গোলরক্ষক মার্ক শোয়ার্জার। আজ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই অ্যালেক্স টবিনের অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৭ ম্যাচ খেলার রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন ফুলহামের ৩৮ বছর বয়সী তারকা। টবিনকে টপকে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার সুযোগও এই টুর্নামেন্টেই পাচ্ছেন শোয়ার্জার। আজ জিতলে ফাইনাল, হারলে তৃতীয় স্থান নির্ধারণী—আরেকটি ম্যাচ তো খেলাই হবে অস্ট্রেলিয়ার। এএফপি।