পার্থ টেস্টের লাগাম প্রোটিয়াদের হাতে
অস্ট্রেলিয়া সফরের সিরিজ নির্ধারণী শেষ টেস্টে শক্ত অবস্থানে আছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অসিদেরকে মাত্র ১৬৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দারুণ পারফরম্যান্স প্রোটিয়াদের। ঝড়ের গতিতে লিডটাকে ২৯২ পর্যন্ত টেনে নিয়ে গেছে তারা পার্থ টেস্টের দ্বিতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে আট উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৩০। হাশিম আমলা অপরাজিত আছেন ৯৯ রানে। গ্রায়েম স্মিথ আউট হয়েছেন ৮৪ রানে। এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে নিয়ন্ত্রিত অথচ মারকুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে রীতিমতো ছিনিয়ে নিয়েছেন এই টেস্টের লাগাম।পার্থ টেস্টে প্রথম দুই দিনের অধিকাংশ সময়েই চলেছে বোলারদের আধিপত্য। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২২৫ রানে অলআউট করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ডেল স্টেইন ও রবিন পিটারসেনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিক অসিরা। ৬২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ইনিংসের সপ্তম ওভারে ওপেনার আলভিরো পিটারসেনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৭৮ রানের চমত্কার এক জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। আজ দ্বিতীয় দিনের একেবারে শেষপর্যায়ে এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। ৮৪ রান করে ফিরে যান স্মিথ। দিনের বাকিটা সময় নির্বিঘ্নে পাড় করেছেন হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে আছেন আমলা। ক্যালিস অপরাজিত আছেন ১৭ রানে। এর আগে, প্রোটিয়াদের মাত্র ২২৫ রানে গুটিয়ে দিয়ে ফুরফুরে মেজাজে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ডেল স্টেইন অসিদের একেবারেই স্বস্তি দেননি। তিনি ৪০ রানে ৪ উইকেট নিয়ে পর্যুদস্ত করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ছিল মাত্র ১৩। অবসরের ঘোষণা দেওয়া রিকি পন্টিং নিজের শেষ টেস্ট খেলতে নেমে ভালো কিছু উপহার দিতে পারেন নি দলকে। মাত্র ৪ রানেই শেষ হয়েছে তাঁর ইনিংসটি। অস্ট্রেলিয়ার ব্যাটিং দুঃস্বপ্নে কিছুটা প্রতিরোধ এসেছে একেবারে লেজের দিকে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে। ৬৮ রান করে সাজঘরে ফিরেছেন এই বামহাতি ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্টেইনের পাশাপাশি রবিন পিটারসেন ৩টি ও ভেরমন ফ্রিল্যান্ডার ২টি উইকেট নিয়েছেন।গতকাল টেস্টের প্রথম দিন সকালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু অসি বোলারদের বোলিং তোপে দক্ষিণ আফ্রিকার ইনিংস বেশিদূর এগিয়ে যেতে পারেনি। মাইকেল স্টার্ক, জাস্টিন হেস্টিংস, শেন ওয়াটসন, নাথান লায়ন ও মিচেল জনসনরা সবাই মিলেই রীতিমতো খুন করে গেছেন প্রোটিয়া ব্যাটিংকে। এঁদের মধ্যে লায়ন ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান এসেছে অ্যাডিলেড টেস্টের ‘হিরো’ ফ্যাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। তাঁর সংগ্রহ ৭৮ রান। সূত্র: রয়টার্স।