পার্থও জনসনের অপেক্ষায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন: নিজের মাঠে আরও ভয়ংকর?
মিচেল জনসন: নিজের মাঠে আরও ভয়ংকর?

লড়াইটা আসলে ইংল্যান্ডের সঙ্গে মিচেল জনসনের!
ব্রিসবেন থেকে অ্যাডিলেড, অস্ট্রেলিয়ান পেসার একাই লন্ডভন্ড করে দিয়েছেন অ্যালিস্টার কুকের দলকে। বল হাতে গতির ঝড় তুলছেন, ওদিকে মাঠে মুখটাও চলছে সমানে। দুই টেস্ট মিলিয়ে ১২.৭ গড়ে ১৭ উইকেট, দুটিতেই ম্যাচসেরা। এই গতি-দানবকে সামলে পার্থে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে, ইয়ান বোথামের মতো কেউ কেউ এমন স্বপ্ন দেখছেন। তবে সেটা যে অলীক স্বপ্ন হবে, সেই আভাসই যেন দিলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান আর বোলিং কোচ ক্রেগ ম্যাকডরমট। পার্থের তৃতীয় টেস্টে জনসনের কাছ থেকে আরও গতি আশা করছেন ম্যাকডরমট। অন্যদিকে লেম্যান চান, অস্ট্রেলিয়ান পেসারের খুনে মেজাজটা ধরে রাখতে তাঁকে তাতিয়ে রাখুক দলের বাকিরা!
নিজের মাঠ পার্থেও দারুণ রেকর্ড অস্ট্রেলিয়ান পেসারের। ওয়াকায় এর আগে ৫ টেস্ট খেলে ১৯.৬৬ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন জনসন। পরিচিত কন্ডিশনে জনসন এবার আরও বিধ্বংসী হয়ে উঠবেন বলেই আশা ম্যাকডরমটের, ‘আমি দেখতে চাই নিজের মাঠে, বেড়ে ওঠা রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে সে কেমন গতি দেখায়। আমি জানি ওরাও (ইংল্যান্ড) এটা নিয়ে ভাবছে। বলে রাখি, ঘণ্টায় দেড় শ কিলোমিটার গতিতে একটা বল ছুটে আসছে, এটা খুব একটা মজার ব্যাপার নয়।’ একদিকে ম্যাকডরমটের হুমকি, অন্যদিকে জনসনকে এভাবেই তাতিয়ে রাখতে দলের বাকি খেলোয়াড়দের বারবার মনে করিয়ে দিচ্ছেন লেম্যান, ‘ও অসাধারণ বল করছে, দারুণ আত্মবিশ্বাসীও। আমাদের কাজ হচ্ছে ও যাতে এ রকম বল করে যায় সেই রসদ জুগিয়ে যাওয়া।’ আর জনসন যদি এভাবে বল করে যান তাহলে খুব শিগগির তিনি বিশ্বের এক নম্বর বোলার হয়ে উঠবেন বলে বিশ্বাস পূর্বসূরি গ্লেন ম্যাকগ্রার, ‘কয়েক বছর আগে ও এক নম্বর হওয়ার একটা সুযোগ পেয়েছিল। কিন্তু মুত্তিয়া মুরালিধরন আর ডেল স্টেইনের কারণে তাকে দুই নম্বর হয়ে থাকতে হয়েছে। যদি সে এই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে এবার সেখানে যেতে পারবে।’
বোঝাই যাচ্ছে শুধু জনসনে অনুপ্রাণিত হয়েই কেমন টগবগ করছে অস্ট্রেলিয়া। ২০০৯ সালে ইংল্যান্ডের কাছে হারানো অ্যাশেজের ট্রফিটা উদ্ধার করাও তাই মনে হচ্ছে সময়ের ব্যাপার। তবে ইংল্যান্ড এখনো আশা ছাড়েনি। পার্থে ঘুরে দাঁড়ানোর জন্য ইংলিশ ক্রিকেটারদের প্রেরণা দিয়ে যাচ্ছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম। ব্রিটিশ দৈনিক মিরর-এ লেখা নিজের কলামে জনসনকে নিষ্ক্রিয় করে দেওয়ার একটা উপায়ও বাতলে দিয়েছেন বোথাম, ‘জনসনকে যাতে উইকেটের জন্য ওভারের পর ওভার, স্পেলের পর স্পেল বল করতে হয় সেই ব্যবস্থা করতে হবে। রোদের মধ্যে সারা দিন বল করে ও যখন ঘেমে উঠবে তখন গতি কমে যাবে।’ ওয়েবসাইট।