পার্থক্য গড়ে দিলেন সেই স্যামুয়েলস
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম বিদেশ সফর ছিল এই বাংলাদেশেই। গত অক্টোবরে। তখন ছিল পায়ের নিচে আরও শক্ত জমি পাওয়ার চেষ্টা। বছর খানেক পর আবার এলেন বাংলাদেশে, এবার দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে। আজ যখন দেশে বিমানে উঠবেন, নিশ্চয়ই মারলন স্যামুয়েলসের সঙ্গী হবে একরাশ তৃপ্তি। সব সংস্করণের ক্রিকেটেই দলের বড় ভরসা হয়ে ওঠার তৃপ্তি। এর চেয়েও বেশি, নিজেকে ছাড়িয়ে যাওয়ার তৃপ্তি!নিজেকে ছাড়িয়ে যাওয়া আক্ষরিক অর্থেই। টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি—তিন সংস্করণেই নিজের সর্বোচ্চ স্কোর গড়লেন তো এ সফরেই! এবার বাংলাদেশে আসার আগে টেস্টে সর্বোচ্চ ছিল ১২৩। খুলনায় টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাই শুধু পাননি, ট্রিপল সেঞ্চুরির হাতছানিও দেখছিলেন। শেষ পর্যন্ত থেমেছেন ২৬০ রানে। ওয়ানডেতে সর্বোচ্চ ছিল ১০৮। এবার তৃতীয় ওয়ানডেতে খেললেন ১২৬ রানের দারুণ এক ইনিংস। ২-০-তে পিছিয়ে থাকা দলকে লড়াইয়ে ফেরালেন প্রায় এক হাতে। কাল করলেন টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৭৮ ছিল ঠিক আগের ম্যাচেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। কলম্বোয় যেখানে শেষ করেছিলেন, ঢাকায় যেন সেখান থেকেই শুরু করলেন স্যামুয়েলস। প্রেক্ষাপটেও কিছুটা মিল আছে। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্রুত ২ উইকেট হারিয়েছিল দল। হারাল কালও। এরপরই স্যামুয়েলস-বীরত্ব। তবে টি-টোয়েন্টির ফাইনালে স্রোতের বিরুদ্ধে লড়েছিলেন বলতে গেলে একাই। দল পেয়েছিল লড়াই করার মতো ১৩৭ রানের পুঁজি। কাল স্যামুয়েলসের সঙ্গে ব্রাভো-স্মিথ-সিমন্সরাও ঝড় তুললেন। দল তাই ১৯৭ রানের পাহাড়ে। টি-টোয়েন্টি ফাইনালের সঙ্গে মিল আছে আরেকটি। সেদিনও স্লগ ওভারে টার্গেট করেছিলেন প্রতিপক্ষের সেরা বোলারকে। লাসিথ মালিঙ্গার শেষ ২ ওভার থেকে এসেছিল ২৯। কাল শেষ ওভারের আগে পর্যন্ত বাংলাদেশের সেরা বোলার ছিলেন রুবেল হোসেন। কিন্তু শেষ দুই ওভার থেকে এল ৪৬! এক ওভারেই ২৯!দারুণ দুটি ডেলিভারিতে গেইল ও স্মিথের স্টাম্প উপড়ে রুবেলের শুরুটা হয়েছিল দারুণ। ইনিংস শেষে সেই রুবেলই টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার (৪ ওভারে ৬৩)! এর আগে যৌথভাবে রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুল ও ফরহাদ রেজার (৪ ওভারে ৫৫)। শেষ ওভারে রুবেলের ২৯ এখন বাংলাদেশের কোনো বোলারের এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডও। এখানেও তিনি স্বস্তি দিয়েছেন আশরাফুলকে। প্রতিপক্ষ ছিল এই ওয়েস্ট ইন্ডিজই, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুলের এক ওভারে ২৪ নিয়েছিলেন ডোয়াইন স্মিথ ও রামনরেশ সারওয়ান। সারওয়ানের অবদান যদিও ছিল মাত্র ১। কাল যেমন ২৯ রানে সিমন্সের অবদান মাত্র ১!ম্যাচটা শেষ পর্যন্ত যেদিকে গড়াল, তাতে দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিল আসলে স্যামুয়েলসের ইনিংসটাই। আরও নির্দিষ্ট করে বললে ওই দুই ওভার! রুবেলের ওই দুই ওভারেই পাঁচটি ছয় মেরেছেন স্যামুয়েলস। সব মিলিয়ে ইনিংসে ছয় ৯টি! টি-টোয়েন্টিতে এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কা আছে মাত্র দুজনের। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে ১৩ ছয়ের রেকর্ডও গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। আর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির ইনিংসটিতে ক্রিস গেইল মেরেছিলেন ১০টি ছয়। অবিশ্বাস্য হলেও সত্যি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারের চেয়ে ছয়ই বেশি মেরেছেন স্যামুয়েলস! ৩৫টি চারের পাশে ছক্কা ৩৮টি! ওই ৩৮ ছক্কা এসেছে আবার মাত্র ২১ ইনিংসে!শুধু ছয়ের বন্যাই নয়, ওই ছয়গুলো যেভাবে মারেন, সেটাও যেন ভেঙে দেয় প্রতিপক্ষের মনোবল। কাল রুবেলের শেষ ওভারের কথাই ধরুন। দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে লেংথ বল, বলের লাইনে পা নিয়ে পাঠিয়ে দিলেন এক্সট্রা কভার বাউন্ডারিতে। পরের বলটি প্রায় একই জায়গায়, শুধু জায়গা একটু কম। এবার আর অফ সাইডে নয়, পুল করলেন যেন প্রবল আক্রোশে। বল মিড উইকেট গ্যালারিতে! পরের বলটি পিচ করল সামনে, এবার আশ্রয় নিল লংঅন গ্যালারিতে। একেকটি শটে তাঁর ব্যাটসম্যানশিপের প্রমাণ মিশে থাকল অবশ্যই, আর দুমড়েমুচড়ে যেন গেল বাংলাদেশের মনোবল। বাংলাদেশের ব্যাটসম্যানরা চেষ্টা করেছেন, স্যামুয়েলসের মতো আশির ঘরের একটা ইনিংসও থাকল। কিন্তু পার্থক্য গড়ে দিল স্ট্রাইক রেট! তামিম ৩ রান বেশিই করলেন। কিন্তু স্যামুয়েলসের স্ট্রাইক রেটের (১৯৭.৬৭) চেয়ে পিছিয়ে থাকলেন প্রায় ৫৫! শেষ পর্যন্ত যা ম্যাচের নির্ধারকও।