পার্থক্যটা বোঝাল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের স্কোরলাইন ২-১। ভারত জিতলেও খুশি ছিলেন না কোচ তুষার খান্ডেকার। সেদিন বলেছিলেন, ‘এ ম্যাচে ট্যাকটিক্যাল অনেক কিছুই বাস্তবায়ন করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে চেষ্টা করব পরিকল্পনা বাস্তবায়ন করতে।’ ভারতের কোচকে সফলই বলতে হবে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় প্রীতিম্যাচে ভারত জিতল হেসেখেলেই, ৫-১ ব্যবধানে।
বিকেএসপিতে কাল অবশ্য ৭ মিনিটে প্রথম গোলটা বাংলাদেশই করেছিল। গোল করেন হাসান যুবায়ের নিলয়। এরপর ভারত দ্রুতগতিতে খেলল, পাওয়ার হকি দিয়ে চাপে রাখল বাংলাদেশকে। সেই চাপ সামলে স্বাগতিকেরা মাঝেমধ্যে প্রতি আক্রমণে উঠলেও ভারত এদিন বুঝিয়ে দিল, আধুনিক হকি কতটা এগিয়েছে। ভারত পাঁচটি গোলই করল ফিল্ডগোল, পাঁচটিই করেছেন পাঁচজন। ভারতীয় দ্বিতীয় সারির এই দলটি যে একক কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করে না, এটা তারই প্রমাণ। প্রথম ম্যাচের ম্যাচসেরা গুরজিন্দার সিং ছাড়া দলটির সবাই আসলে আক্রমণে যোগ দিয়েছেন প্রায় গোটা ম্যাচেই। গোলগুলো হয়েছে ১০, ১২, ২০, ২৪, ৩৪ মিনিটে।
বাংলাদেশ চেয়েছিল হারলেও ব্যবধান যথাসম্ভব কম রাখতে। সেটা না পারলেও বাংলাদেশ কোচ নাভিদ আলম বলেছেন, আজকের তৃতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ভালো কিছু করার চেষ্টা করবে তাঁর দল। আজকের ম্যাচটিও হবে বিকেএসপিতে, বিকেল চারটায় শুরু।