৫০ হাজার ডলারের ‘অল স্পোর্টস প্রমোশনস টি-টোয়েন্টি এক্সট্রাভাগাঞ্জা’ জেতার দ্বারপ্রান্তে বিসিবি একাদশের মোড়কে থাকা বাংলাদেশ দল। আজ ভোরে শেষ ম্যাচে স্বাগতিক ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারাতে পারলেই মুশফিকুর রহিমের দল হবে চ্যাম্পিয়ন। তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-যাত্রায় যোগ হবে বাড়তি আত্মবিশ্বাস।প্রথম ম্যাচের মতো গত পরশু দ্বিতীয় ম্যাচেও অন্য দলগুলোর সঙ্গে নিজেদের পার্থক্যটা দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানকে মুশফিক-সাকিবরা হারিয়েছে ৮ উইকেটে। কুইন্স পার্ক ওভালে আফগানিস্তানের ৫ উইকেটে করা ৯৯ রানের জবাবে চার বল বাকি থাকতে জয় তুলে নেয় বিসিবি একাদশ। বৃষ্টির কারণে বারবাডোজের বিপক্ষে প্রথম ম্যাচটা হয়েছিল ৮ ওভারের। পরশুও বৃষ্টির ঝাপটায় ম্যাচটা নেমে দাঁড়ায় ১৫ ওভারের।স্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আর মোহাম্মদ আশরাফুলের ব্যাটিংকে বলা হয়েছে ‘স্টাইলিশ ব্যাটিং’। ৯৯ রানের জবাব দিতে নেমে তাঁদের ওপেনিং জুটিতেই এসেছে ৭৬। ৩৩ বলে দুই ৪ আর তিন ছক্কায় ৩৭ রান করে তামিম স্টাম্পড হয়েছেন অফ স্পিনার মোহাম্মদ নবীর বলে। মাত্র ২ রানের ব্যবধানে জিয়া ফিরে গেলেও আশরাফুল মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়েই। ৪৪ বলে অপরাজিত ৪৭ রান করেছেন চার বাউন্ডারি আর এক ছক্কায়। ৮ বলে ৫ রান করে অপরাজিত থাকেন সাকিব।ব্যাট হাতে বেশি কিছু করার সুযোগ না পেলেও সাকিবের জাদুকরি স্পিন ঠিকই ভুগিয়েছে আফগান ব্যাটসম্যানদের। ১৩ রানে ২ উইকেট নিয়েছেন, এর মধ্যে আছে আফগান ইনিংসকে কিছুটা আলোর পথ দেখাতে পারা ওপেনার মোহাম্মদ শাহজাদকে বোল্ড করার কৃতিত্বও। ২৪ বলে ২৯ রানের ইনিংসের শুরুতেই শাহজাদ চড়াও হতে চেয়েছিলেন বাংলাদেশি বোলারদের ওপর। চার বাউন্ডারির সবগুলোই মেরেছেন ইনিংসের প্রথম তিন ওভারে। শাহজাদের আগে আরেক ওপেনার করিম সাদিককেও সাকিবই ফেরান স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে। তবে সাদিক মেনে নিতে পারেননি আম্পায়ারের সিদ্ধান্ত। আউট হওয়ার পরও প্রতিবাদে বেশ খানিকটা সময় উইকেটে দাঁড়িয়ে ছিলেন তিনি।বাংলাদেশি বোলারদের মধ্যে কেবল সাকিবই পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি ও শফিউল ইসলামের। তবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গেছে আফগান তাঁবুতে। ব্যাট হাতে অপরাজিত ২৬ আর বল হাতে ১১ রানে ২ উইকেট—বিচারকের দৃষ্টিতে হয়তো এই অলরাউন্ড পারফরম্যান্সই বাংলাদেশিদের চেয়ে এগিয়ে রাখে নবীকে।টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল বিসিবি একাদশই দুই ম্যাচের দুটিতে জিতেছে। বারবাডোজ, আফগানিস্তান, ত্রিনিদাদ ও টোবাগো—তিন দলই দুটি করে ম্যাচ খেলে জিতেছে একটি করে। পোর্ট অব স্পেনে আজ শেষ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন বিসিবি একাদশ। আর হেরে গেলে রানরেটই ঠিক করে দেবে কে চ্যাম্পিয়ন। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর ৫টা ১৫ মিনিটে।ত্রিনিদাদ-মিশন শেষ করে স্থানীয় সময় আগামীকাল সকালে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল। টেলিফোনে ম্যানেজার তানজীব আহসান কাল জানিয়েছেন, ‘বারবাডোজ-লন্ডন-দুবাই হয়ে কলম্বো যাবে দল। লন্ডনে এক রাত ও দুবাইয়ে এক দিন যাত্রাবিরতি দিয়ে কলম্বো পৌঁছাবে ১২ সেপ্টেম্বর সকালে।’সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ১৫ ওভারে ৯৯/৫ (শাহজাদ ২৯, নবী ২৬*, শফিকুল্লাহ ১৫, নাঈব ১৪*; মাশরাফি ৩-০-৩৩-০, রাজ্জাক ৩-০-১৬-১, সাকিব ৩-০-১৩-২, সানি ৩-০-৯-১, শফিউল ৩-০-২৭-১)। বিসিবি একাদশ: ১৪.২ ওভারে ১০০/২ (তামিম ৩৭, আশরাফুল ৪৭,*, জিয়া ০, সাকিব ৫*; নবী ২/১১)। ফল: বিসিবি একাদশ ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ নবী।