পার্থক্যটা বোঝাল থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তি আর সামর্থ্যে দুই দলে ব্যবধান বিস্তর। মাঠের খেলায়ও তা ষোলোআনাই ফুটিয়ে তুলেছে থাইল্যান্ড। স্কোরলাইনেও সেটির প্রতিফলন। বাংলাদেশ উড়ে গেছে ৯-০ গোলে। ফেবারিট থাইল্যান্ড বড় জয়েই শুরু করেছে মহিলা এশিয়ান কাপের বাছাইপর্ব।

বাংলাদেশ হারবে, এটা ধরেই নিয়েছিলেন সবাই। তবে ঘরের মাঠে প্রথম ম্যাচেই ৯ গোল হজম! একটু তো মন খারাপ হতেই পারে বাংলাদেশের মেয়েদের। তবে এই ফলকে একেবারে অপ্রত্যাশিত বলা যাবে না। বাংলাদেশে মেয়েদের ফুটবলচর্চার এখনো হাঁটি হাঁটি পা পা। অনেক বাধা-বিপত্তি ডিঙিয়ে বছর দশেক আগে শুরু। আর থাইল্যান্ড মহিলা এশিয়ান কাপে চ্যাম্পিয়নই হয়েছে সেই ১৯৮৩ সালে! ফাইনাল খেলেছে আরও তিনবার। সেই দলের সামনে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না স্বাভাবিক। পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতা নিয়ে আর যা-ই হোক, মহাসমুদ্র পেরোনো তো অসম্ভবই।

উচ্চতা, গতি, শক্তি আর অভিজ্ঞতার সংমিশ্রণ থাকল থাই-কন্যাদের খেলায়। কখনো ছোট ছোট পাস। আবার হঠাৎ করে লম্বা পাসে ম্যাচের গতি পরিবর্তন গোলকধাঁধায় ফেলেছে সাবিনাদের। দু-একবার বিচ্ছিন্নভাবে থাইল্যান্ডের সীমানায় বল নিতে পেরেছে বাংলাদেশ। এটুকু বাদ দিলে গোটা ম্যাচটাই আসলে হয়েছে বাংলাদেশের অর্ধে।

প্রথম ১৫ মিনিট থাইল্যান্ড গোল পায়নি, এর পরই বৃষ্টির মতো গোল। সবচেয়ে বড় ধকলটা গিয়েছে গোলরক্ষক সাবিনা আক্তারের ওপর দিয়ে। বেচারিকে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে ১৭, ১৮, ২৯, ৪৫, ৫২, ৬৪, ৬৯, ৮৭, ৯০ মিনিটে।

তৃতীয়, চতুর্থ এবং শেষ দুটি গোল করেছেন নিশা রমিয়েন। বুনটান দুটি এবং ন্যাম, নাপাথ ও সুনিসা একটি করে গোল যোগ দেন এই গোল উৎসবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে হাজার কয়েক বাংলাদেশির সমর্থনকে ম্লান করে ঢোল-টোল নিয়ে উৎসব করেছে একদল থাই সমর্থকও।

শুধু কি সমর্থক, এই প্রতিযোগিতা কাভার করতে হাজির সাত-আটজন থাই সাংবাদিকও! তাঁরা অবশ্য ইংরেজি-টিংরেজি কিছুই বোঝেন না। কোনো কিছু জানতে চাইলে ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকেন।

তবে মাঠে দলের পারফরম্যান্সে খুব খুশি থাই শিবির। ম্যাচের পর কোচ পিয়াকুল কেউনামকাং তা প্রকাশও করলেন, ‘আমরা সব দিক দিয়েই এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাই প্রত্যাশিত জয়টাই আমরা তুলেছি।’

বাংলাদেশ আর কী বলবে! কোচ গোলাম জিলানী সংবাদ সম্মেলনে এসে এত গোল খাওয়াটাকে অপ্রত্যাশিত বললেন। মাঝমাঠ বল নিয়ন্ত্রণ করতে পারেনি, ১২ মিনিটের মধ্যে  তিন গোল খেয়েই মানসিকভাবে মেয়েরা ভেঙে পড়ে ইত্যাদি বলে জানালেন আশাবাদ, ‘আমরা ভালো খেলিনি। তবে এসব ভুলে সামনের ম্যাচ নিয়েই ভাবতে চাই।’

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। দেখা যাক, প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৬ গোল খাওয়া দলের বিপক্ষে কেমন করেন সুইনু প্রু মারমারা।