পার্থে কোণঠাসা অস্ট্রেলিয়া
পার্থ টেস্টে কোণঠাসা হয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জয়ের জন্য অসিদের সামনে ৬৩২ রানের লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের আরও দুই তিন বাকি। বাস্তবতা বলছে, দ্বিতীয় ইনিংসে এই লক্ষ্যে পৌঁছা অসিদের জন্য অনেকটাই অসম্ভব।আজ রোববার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪০ রান। এড কোয়ান ৯ ও ডেভিড ওয়ার্নার ২৯ রানে অপরাজিত আছেন। এর আগে, দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২৫ ও অস্ট্রেলিয়া ১৬৩ রান করেছিল।২ উইকেটে ২৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন হাশিম আমলা ব্যক্তিগত ৯৯ ও জ্যাক ক্যালিস ১৭ রানে অপরাজিত ছিলেন। ক্যালিস আজ বেশিদূর যেতে পারেননি, আউট হন ৩৭ রানে। খেলার শুরুতেই কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেয়ে যান আমলা। ডাবল সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু পারেননি। আউট হন ১৯৬ রানে।দলীয় ২৮৭ রানে সাজঘরে ফেরেন ক্যালিস। এর পর আমলাকে যথার্থ সহায়তা দেন ডি ভিলিয়ার্স। চতুর্থ উইকেটে তাঁদের ১৪৯ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার পর্বতসম লিড নিশ্চিত হয়। ভিলিয়ার্স আউট হন ১৬৯ রান করে।৬৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালোই হয়েছে। আজ দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার ব্যাট করার সুযোগ পায় স্বাগতিক দল। কোনো উইকেটের পতন হয়নি। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জে শেষ পর্যন্ত মাইকেল ক্লার্কের দল কতদূর যেতে পারে, এটাই এখন দেখার অপেক্ষা।