যেখানে শুরু হয়েছিল, শেষটা হচ্ছে সেখানেই। শুরুটা অবশ্য একটা আক্ষেপ নিয়ে হয়েছিল। অভিষেকেই সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হয়েছিলেন। এবার কোনো আক্ষেপ নয়, বিশাল এক প্রাপ্তি নিয়েই শেষ টানছেন রিকি পন্টিং। ১৭ বছর আগে যে পার্থে অভিষেক হয়েছিল তাঁর, সেখানেই আজ ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিচ্ছেন ১৩ হাজার ৩৬৬ রান ও ৪১টি টেস্ট সেঞ্চুরির মালিক। ঘোষণাটা অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের কাছে এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতো। কাল টেস্ট-পূর্ব অধিনায়কের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অপেক্ষা করছিলেন মাইকেল ক্লার্কের জন্যই। অবশ্য ‘বিনা মেঘ’ বলাটা হয়তো ভুলই হলো। মেঘ খানিকটা ছিল। তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে কথাবার্তা হচ্ছিল অনেক। যদিও আগামী অ্যাশেজ পর্যন্ত পন্টিংকে অভয়ও দিয়ে রাখা হয়েছিল। পন্টিং নিজেও এর আগে বলেছিলেন, অ্যাশেজ খেলেই বিদায় নিতে চান। কিন্তু ১৬৮তম টেস্টটাকেই নিজের শেষ টেস্ট বানিয়ে দিলেন ১৯ ডিসেম্বর ৩৮ পূর্ণ করতে চলা সাবেক অধিনায়ক। এই ম্যাচ দিয়েই পন্টিং ছুয়ে ফেলছেন অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলার স্টিভ ওয়াহর রেকর্ডটি।পন্টিংয়ের বিদায়ের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থেই যেন একটা অধ্যায়ের সমাপ্তি হলো। তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ক্রিকেটার তিনি। ওয়ানডে অবশ্য ছেড়েছেন আগেই। নামের পাশে ১৩ হাজার ৫৮৯ রান নিয়ে। ওয়ানডের পাশাপাশি টেস্টেও অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান আর সেঞ্চুরি তাঁর। পন্টিং ছিলেন দোর্দণ্ড প্রতাপে বিশ্ব ক্রিকেট শাসন করা অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের শেষ প্রতিনিধিও। শুধু সাংবাদিক নয়, সতীর্থদের কাছেও এ সিদ্ধান্তটা বিস্ময়কর। কাল পার্থে সংবাদ সম্মেলনে পন্টিং জানিয়েছেন, অবসর নিয়ে অনেক দিন ধরে ভাবলেও চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়েছেন মাত্রই, ‘কয়েক ঘণ্টা আগে আমি ছেলেদের (সতীর্থ) জানিয়েছি এটাই আমার শেষ টেস্ট।’ এত দিনের শেকড় ওপড়ে ফেলা সত্যিই কঠিন। পন্টিংয়ের মনেও ছিল দ্বিধা। কিন্তু এই সিরিজে তিন ইনিংসে মাত্র ২০ রান সেই দ্বিধার ধুলো ঝেড়ে সিদ্ধান্তটি চূড়ান্ত করে ফেলতে সাহায্য করেছে তাঁকে, ‘এ সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরে অনেক ভেবেছি। সিদ্ধান্তটা নিয়েছি এই সিরিজে আমার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে। যে প্রত্যাশা করেছিলাম, অবশ্যই সে রকম কিছু করতে পারিনি এই সিরিজে। অস্ট্রেলিয়া দলে থাকার জন্যও এটা যথেষ্ট নয়। সব সময়ই বলে এসেছি, তত দিন পর্যন্ত খেলব, যত দিন দলের জয়ে অবদান রাখতে পারব। কয়েক সপ্তাহ ধরে ভেবেছি, সেটা করার জন্য আমার পারফরম্যান্স যথেষ্ট হচ্ছে না।’পেশাদার ক্রিকেটের অবিশ্বাস্য এক প্রতিমূর্তি পন্টিংয়ের গলাও শেষ পর্যন্ত ধরে এসেছে, ‘ক্রিকেটকে আমি সবটুকু উজাড় করে দিয়েছি। ২০ বছর ধরে এটাই আমার জীবন ছিল। ক্রিকেটকে দেওয়ার মতো আমার মধ্যে আর কিছু নেই।’নিজের শেষটা রূপকথার সমাপ্তির মতো করতে এই টেস্ট তো পাচ্ছেনই। তাতে পন্টিং কিছু না করতে পারলেও ক্ষতি নেই। তাঁর জন্য ইতিহাসের সোনালি পৃষ্ঠা যে বরাদ্দ থাকবেই, সে কথাই মনে করিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ওয়ালি এডওয়ার্ডস। গত প্রায় দুই দশকে অস্ট্রেলীয় ক্রিকেটকে যা দিয়েছেন, তার জন্য জানালেন কৃতজ্ঞতা, ‘ব্যাটসম্যান হিসেবে, অধিনায়ক হিসেবে, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরও দলকে সামনে থেকে পথ দেখানোর মাধ্যমে তার যে অবিশ্বাস্য অর্জন, তার জন্য তাকে অভিবাদন জানাই।’আপাতত ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার পক্ষে এ মৌসুমটা খেলবেন। এর পর হয়তো সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানাবেন। ক্রিকেটের কারণে যে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি, তাদের সঙ্গেই কাটবে তাঁর বাকি দিনগুলো। পন্টিংয়ের বিদায় ঘোষণার দিনে এসেছিলেন তাঁর স্ত্রী রিহান্না, দুই মেয়ে এমি ও মাটিস। তাদের দিকে তাকিয়ে পন্টিং বলেছেন, ‘এটাই এখন আমার নতুন দল।’ রয়টার্স, এএফপি, ওয়েবসাইট।