পার্সি জাদুতে ইউনাইটেডের জয়
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের ভূমিকায় এটা ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের হাজারতম ম্যাচ। সেটাই এমন স্নায়ুক্ষরা হবে, ফার্গি কি সেটা স্বপ্নেও ভাবতে পেরেছিলেন? ৮৭ মিনিট পর্যন্ত সাউদাম্পটনের বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিল রেড ডেভিলরা। শেষমেশ জিতেছে ৩-২ গোলে। হ্যাটট্রিক করে অবিস্মরণীয় এই জয়ের নায়ক রবিন ফন পার্সি। বেশ কয়েক বছর পর এবারই প্রিমিয়ার লিগে ফিরেছে সাউদাম্পটন। ফার্গুসন হয়তো ভেবেছিলেন ‘সেইন্টসদের’ মাঠ থেকে অনায়াস একটা জয়ই তুলে আনবেন। কিন্তু শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সাউদাম্পটন। সাদা জার্সির ইউনাইটেড খেলোয়াড়দের মাঠে খুঁজে পাওয়াটাই হয়েছিল ভার। শুরুতেই এক গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড (১-০)। এরপর অবশ্য ২৩ মিনিটে পার্সি শোধ করেন এক গোল (১-১)। বিরতির পর সাউদাম্পটন আবার এগিয়ে যায় (২-১)। খানিক বাদে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল ইউনাইটেড। কিন্তু পার্সির পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক। তখন মনে হচ্ছিল ইউনাইটেডের হারটাই বুঝি ভবিতব্য। কিন্তু অন্তিম সময়ে এভাবে চিত্রনাট্য বদলে যাবে কে জানত? ৮৭ মিনিটে আবারও বক্সের ভেতর থেকে শটে পার্সির গোল (২-২)। এরপর অতিরিক্ত সময়ে নানির কর্নার, সাউদাম্পটন সমর্থকদের হতভম্ব করে পার্সি গোল করলেন দুর্দান্ত এক হেডে (২-৩)। ইএসপিএন।