পার্সি-জাদুতে ইউনাইটেডের রক্ষা
চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছে রুনিকে। এফএ কাপের ম্যাচ বলেই অ্যালেক্স ফার্গুসন ঝুঁকি নিয়েছিলেন রবিন ফন পার্সিকে বদলি তালিকায় রেখে। ভাগ্য ভালো, পার্সিকে বদলি তালিকায় রেখেছিলেন। তা না হলে তো ইউনাইটেড এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে যেত! ম্যাচের ৯০ মিনিট পর্যন্তও ইউনাইটেড ২-১ গোলে পিছিয়ে। নিজেদের মাঠে ওয়েস্ট হামের জয়টাকেই তখন মনে হচ্ছিল নিয়তি। আপটন পার্কের সমর্থকেরা হয়তো অবিস্মরণীয় জয়ের উৎসব-প্রস্তুতি শুরু করে দিয়েছিল! ঠিক তখনই ইউনাইটেডের ত্রাতা হয়ে আসেন দুই বদলি খেলোয়াড় ফন পার্সি ও রায়ান গিগস। জেমস টমকিন্সের হেডের বল ধরে প্রথম ছোঁয়াতেই গিগস ক্রস বাড়ান ৬০ মিটার দূরে পার্সির উদ্দেশ্যে। ডান পায়ের নিচু শটে ডাচ তারকা পরাস্ত করেন ওয়েস্ট হাম গোলরক্ষককে। ফন পার্সির গোলে হারা ম্যাচ ড্র (২-২) করে ইউনাইটেড। এই ড্র-ই ইউনাইটেডকে দিয়েছে রিপ্লের সুযোগ। দলকে বিদায়ের মুখ থেকে ফিরিয়েছেন বলেই পার্সিকে নিয়ে আলোচনাটা বেশি। নয়তো এফএ কাপে পরশুর নায়ক ডেম্বা বা। নিউক্যাসলের হয়ে মৌসুমটি দুর্দান্তই যাচ্ছিল সেনেগালিজ ফরোয়ার্ডের। লিগে তৃতীয় সর্বোচ্চ ১৩ গোল তাঁর। এতেই তাঁর দিকে চোখ পড়েছিল চেলসির। নতুন বছরের শুরুতেই নিউক্যাসল থেকে চলে এসেছেন স্ট্যামফোর্ড ব্রিজে। পরশু চেলসির হয়ে অভিষেক ম্যাচেই ২ গোল করেছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। চেলসিও সাউদাম্পটনের বিপক্ষে ৫-১ গোলে জিতে উঠে গেছে চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটিও। নিজেদের মাঠে চ্যাম্পিয়নশিপের দল ওয়াটফোর্ডের বিপক্ষে তারা জিতেছে ৩-০ গোলে। গোল করেছেন কার্লোস তেভেজ, গ্যারেথ ব্যারি ও মার্কোস লোপেজ। কাল ম্যানসফিল্ডকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে লিভারপুলও। এএফপি।