পার্সিকে ছাড়বে না আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে পারফরম্যান্স, বড় ক্লাবগুলো তাঁকে দলে পাওয়ার জন্য কোমর বেঁধে নামবে এটাই স্বাভাবিক। রবিন ফন পার্সিকে দলে নেওয়ার চেষ্টায় আছে বার্সেলোনার মতো ক্লাবও। কিন্তু আর্সেন ওয়েঙ্গার তাঁর প্রতিজ্ঞা রাখতে পারলে, বৃথাই যাবে পার্সিকে দলে টানার জন্য সবার দৌড়ঝাঁপ। আর্সেনাল কোচ প্রতিজ্ঞা করেছেন, পার্সিকে ধরে রাখার জন্য সম্ভব সবকিছুই করবেন।মৌসুমের শুরু থেকেই পার্সি দুর্দান্ত ফর্মে। গত পরশু লিভারপুলের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলের জয়ে দুটি গোলই তাঁর। সব মিলিয়ে মৌসুমে ৩১ গোল হয়ে গেল। এমন একজন স্ট্রাইকারকে কে হারাতে চায়! ওয়েঙ্গার তাই বলছেন, ‘তাকে ধরে রাখতে আমরা সম্ভব সবকিছুই করব। এর বেশি কিছু বলতে চাই না। সে এখানেই বিশ্বসেরা খেলোয়াড় হয়ে উঠেছে। আমি তার জন্য গর্বিত।’তার পরও কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ওয়েঙ্গার কি সত্যিই পার্সিকে রাখতে পারবেন আর্সেনালে? বার্সেলোনার মিডফিল্ডার সাবেক আর্সেনাল অধিনায়ক সেস ফ্যাব্রিগাস মাঝেমধ্যেই কথা বলেন বর্তমান অধিনায়কের সঙ্গে। যদিও ফ্যাব্রিগাসের দাবি, শুভেচ্ছাই বিনিময় হয় দুজনের মধ্যে, যেহেতু কদিন আগে পর্যন্ত দুজনই ছিলেন আর্সেনালে। এএফপি।