পার্সিকে নিয়ে ঝামেলায় আর্সেনাল
গত মৌসুমের গোল-মেশিন রবিন ফন পার্সি যেন এখন আর্সেনালের ঝামেলার নাম! পার্সিকে দলে পেতে হুমড়ি খেয়ে পড়া ক্লাবগুলোর প্রস্তাব মনঃপূত না হওয়ায় গ্রহণও করতে পারছে না। আবার সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে পার্সিকে রেখে দেওয়ার দিকটাও সহজ নয়। পার্সি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আর্সেনালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। এমিরেটস ছেড়ে পাড়ি জমাবেন অন্য কোথাও। এ অবস্থায় চুক্তির বাকি মৌসুমটি পার্সিকে জোর করে রেখে দেওয়াটা হতে পারে দলীয় ঐক্যের জন্য হুমকি।কোচ আর্সেন ওয়েঙ্গার বিষয়টা বুঝতেও পারছেন। কিন্তু তার পরও একের পর এক প্রস্তাব ফিরিয়েই দিচ্ছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আর্সেনাল এবার ফিরিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাবও। ম্যানইউর প্রস্তাব গ্রহণ করার কোনো কারণও অবশ্য ছিল না। সিটির এক কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাবই যেখানে ধোপে টেকেনি, সেখানে ম্যানইউর এক কোটি পাউন্ডের প্রস্তাব ইতিবাচক সারা পায় কীভাবে! আর্সেনালের চাওয়া, অন্তত দুই কোটি পাউন্ডের কমের প্রস্তাব কিছুতেই কানে তুলবে না তারা। গত মৌসুমে সামির নাসরিকে বিক্রি করেই তো পাওয়া গেছে দুই কোটি ৪০ লাখ পাউন্ড। ওয়েবসাইট।