পার্সিকে নিয়ে ফন গালের আশা
সম্প্রতি দুটি প্রস্তুতি ম্যাচে গোল করেছেন। রবিন ফন পার্সির পারফরম্যান্সই বলছে, চোটের শঙ্কা কেটে গেছে। তা হয়তো গেছে। কিন্তু এখনো শতভাগ ফিট নন। তবে হল্যান্ড কোচ লুইস ফন গাল আশাবাদী, বিশ্বকাপের আগেই ফিটনেসের ঘাটতি কেটে যাবে। ব্রাজিলে দেখা যাবে পূর্ণ উদ্যমী, সতেজ ও টগবগে এক পার্সিকেই।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বাজে একটা মৌসুম কাটিয়েছেন পার্সি। পার্সির নিজের চোখেই এটা ‘অদ্ভুত এক মৌসুম’। চোট বারবার ছিটকে দিয়েছে মাঠের বাইরে। হাঁটুর সর্বশেষ চোটটা মাঠের বাইরে রেখেছিল ছয় সপ্তাহ। ফিরে এসে লিগে ইউনাইটেডের শেষ তিনটি ম্যাচ খেললেও ফিটনেসের ঘাটতি স্পষ্টতই চোখে পড়েছে। সেই আগ্রাসী মনোভাবটাও দেখা যায়নি। ফন গাল তা মানছেন। তবে অধিনায়কের সুস্থতা নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী তিনি, ‘সে শতভাগ ফিট নয়। তবে আমাদের আরও দুটি সপ্তাহ হাতে আছে। আমি মনে করি, সে শতভাগ ফিট থাকবে।’
পার্সি চোটটা বাধিয়েছেন ক্লাবে। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজেদের তাগিদেই তাঁকে সারিয়ে তুলতে বিশেষ নজর দেয় হল্যান্ড ফুটবল ফেডারেশন। ইউনাইটেডের তখনকার কোচ ডেভিড ময়েসের অনুমতি নিয়েই পার্সির চিকিৎসায় মনোযোগ দেয় তারা। ফন গাল তাই বলেছেন, ‘সে চোট নিয়ে এসেছিল। তবে আমাদের ফেডারেশন ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় আমরা তাকে তৈরি করেছি। সে কঠোর পরিশ্রম করেছে।’ ওয়েবসাইট।
তিনবার ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি হল্যান্ড। সর্বশেষ ২০১০ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ জিততে না পারার হাহাকারটা আরও গভীর হয়েছে। এবার সেই আক্ষেপ মুছে ফেলার মিশন। কিন্তু ফন গাল বলছেন, তাঁর দলকে নিয়ে ফাইনালের প্রত্যাশা করাটাই হবে অবাস্তব! তার মানে কিন্তু এই নয় যে, ফন গাল শিরোপার আশা করছেন না। স্বপ্ন তিনিও দেখছেন। কিন্তু আপাত লক্ষ্য সেমিফাইনাল, ‘আমি মনে করি, এই দলটি যেকোনো দলকেই হারাতে পারে। আবার আমরাও যে কারও সঙ্গেই হেরে যেতে পারি। এটাই ফুটবল এবং তা মেনে নিতে হবে। তবে এটা ঠিক, হল্যান্ডের মানুষের জন্য তা মেনে নেওয়াটা কঠিন।’