পার্সিকে ‘অন্যতম সেরা’ বললেন ফার্গুসন
ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ) হয়ে ক্যারিয়ার শুরু করেছেন এক বছরও হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই ক্লাবের ‘অন্যতম সেরা’র তকমা পেলেন রবিন ফন পার্সি। তকমাটা দিয়েছেন ম্যানইউ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।গতকাল সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ২০তম শিরোপার দেখা পায় ম্যানইউ। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ওই ম্যাচের সবকটি গোলই করেন ফন পার্সি। ম্যাচ শেষে পার্সির প্রশংসায় মেতে ওঠেন কোচ ফার্গুসন।২৬ বছর ধরে ম্যানইউর সঙ্গে আছেন ফার্গুসন। এই দীর্ঘ সময়ে অনেক তারকা খেলোয়াড়কে নিয়েই কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই ফার্গুসন মনে করেন, ম্যানইউর একসময়কার তারকা ফুটবলার এরিক কাতোঁয়া ও ডেভিড বেকহামের সঙ্গে পার্সিকে তুলনা করা যেতে পারে।ফার্গুসন বলেন, ‘ ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক কাতোঁয়ার প্রভাব ছিল অসামান্য।’ আমি সত্যি ভাগ্যবান যে অসাধারণ কিছু স্ট্রাইকারের সঙ্গে কাজ করতে পেরেছি। পার্সির ব্যাপারে বলব, আমার ধারণার চেয়েও দলে বেশি প্রভাব ফেলতে পেরেছে সে।’ইংলিশ লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৪টি গোল করেছেন পার্সি। এটি ম্যানউইর করা মোট গোল সংখ্যার এক-তৃতীয়াংশ। এটা বলা হয়তো ভুল হবে, ফন পার্সি না থাকলে শিরোপাটা ধরে রাখত ম্যানচেস্টার সিটি।ফার্গুসন বলেন, ‘পার্সিকে গত বছর আমরা আর্সেনালে দেখেছি। আমরা জানতাম, ম্যানচেস্টার ইউনাইটেডে এলে সে দারুণ করবে। পার্সির প্রতি আমাদের একটা প্রত্যাশা ছিল। সে কখনোই আমাদের হতাশ করেনি।’ সূত্র: রয়টার্স।