পার্সিতে অঁরির ছায়া
আরেকজন থিয়েরি অঁরির দেখা কি পাবে আর্সেনাল? পাবে কী, মার্টিন জোলের কথামতো, আরেকজন অঁরির দেখা পেয়েই গেছে ইংলিশ ক্লাবটি! ফুলহাম কোচ গানারদের বর্তমান অধিনায়ক রবিন ফন পার্সির মধ্যে খুঁজে পাচ্ছেন অঁরির ছায়া। পরশু আর্সেনালের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ফুলহাম কোচ স্পষ্টই ফন পার্সিকে বলে বসলেন ‘আর্সেনালের আরেক অঁরি’।একটা সময় আর্সেনালেরই সমার্থক হয়ে উঠেছিলেন অঁরি। তাঁর পরিচয়ই ছিল ‘আর্সেনালের অঁরি’। ১৯৯৯ থেকে ২০০৭—৮ বছর খেলে ফরাসি স্ট্রাইকার ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৬৯ ম্যাচে করেছেন ২২৬ গোল!আর্সেনালকে শিরোপাও জিতিয়েছেন অনেকবার। দুবার লিগ, তিনবার এফএ কাপ, দুবার জিতিয়েছেন কমিউনিটি শিল্ড। অঁরিই আর্সেনালকে ইতিহাসে প্রথমবার নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।অঁরি আর্সেনাল ছেড়ে যান ২০০৭ সালে। সেই থেকেই এমিরেটস স্টেডিয়ামে আরেকজন অঁরির জন্য হাহাকার। এবার যেন সত্যিই ওই শূন্যতা পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ফন পার্সি। ডাচ তারকা আর্সেনালে আছেন ২০০৪ থেকে। কিন্তু অধিনায়কত্ব পেয়ে ফন পার্সি এবার আলো ছড়াচ্ছেন। মাঠে নামলেই গোল পাচ্ছেন। তারকাহীন আর্সেনালকে টেনে নিয়ে যাচ্ছেন একাই, যদিও পয়েন্ট তালিকায় গানাররা ২৩ পয়েন্ট নিয়ে এখনো ষষ্ঠ স্থানে। লিগের ১৩ ম্যাচে ১৩ গোল করে পার্সি এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা, সর্বশেষ ৩০টি লিগ ম্যাচে করেছেন ৩১ গোল! গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে অধিনায়ক একাই হারিয়েছেন (২-১) জোড়া গোল করে।পার্সি পরশু গোল পাননি, তাঁর দলও পারেনি জিততে। ফুলহামের সঙ্গে ঘরের মাঠে এই ড্রয়ের কারণ একটি আত্মঘাতী গোল। দুটি গোলই করেছেন আর্সেনালের থমাস ভারমেলেন! ৬৫ মিনিটে আত্মঘাতী গোলে দলের বিপদ ডেকে আনার পর ৮২ মিনিটে গোল করে দায় পরিশোধ করেছেন। তবে গোল না পেলেও পার্সি ছিলেন দুর্দান্ত। যা দেখে প্রতিপক্ষ কোচ পার্সিকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘ও আরেক (থিয়েরি) অঁরি। গোল করার অবিশ্বাস্য ক্ষমতা আছে তার। একটা মাত্র সুযোগ পেয়েই সে তার মানটা দেখিয়েছে। ওর ওই শটটা ফেরানো হয়েছে ঠিক লাইন থেকে। কিন্তু হ্যাঁ, আমরা তাকে দারুণভাবেই সামলেছি।’ ওয়েবসাইট।