পার্সির দাম ৩ কোটি পাউন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিন ফন পার্সিকে দলে নিতে ম্যানচেস্টারের দুই ক্লাবের যুদ্ধটা এখন মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে! ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটির কেউই হার মানতে রাজি নয়। সুযোগ বুঝে আর্সেনালও টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছে। আগে দুই কোটি পাউন্ড শোনা গেলেও আর্সেনাল এখন পার্সির দাম হাঁকাচ্ছে তিন কোটি পাউন্ড। কোচ আর্সেন ওয়েঙ্গারই বলছেন পার্সির জন্য তিন কোটি পাউন্ড চাই তাদের।আর এতে আর্সেনালের ডাচ তারকাকে নেওয়ার চেষ্টায় আরেকটা ধাক্কা খেল ইউনাইটেড। ওয়েঙ্গার নিশ্চিত পার্সির জন্য এই মূল্যমান ম্যান সিটির সামনে দরজাটা আবার খুলে দেবে। ফন পার্সির জন্য তিন কোটি পাউন্ড কেন চাইছেন তারও একটা ব্যাখ্যা দিয়েছেন আর্সেনাল কোচ, ‘সেরা না হলেও ফন পার্সি বিশ্বের অন্যতম স্ট্রাইকার এবং তাঁকে আমি ক্লাবে রেখেই দিতে চাই। তবে আমি তা-ই করব যেটি আর্সেনালের জন্য সবচেয়ে ভালো হয়।’ আর্সেনাল পারফরম্যান্সকে ভিত্তি করে দাম নির্ধারণ করলেও ফন পার্সিকে পেতে সচেষ্ট ক্লাবগুলো মূল্য নির্ধারণ করছে অন্য যুক্তিতে। অ্যালেক্স ফার্গুসনের দল আত্মবিশ্বাসী, আর্সেনাল অধিনায়কের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি করতে সফল হবে তারাই। এই আত্মবিশ্বাস থেকেই ফার্গুসন এবং ইউনাইটেড বোর্ড পার্সির দাম নির্ধারণ করেছে এক কোটি ৫০ লাখ পাউন্ড। দাম নির্ধারণে তারা বিবেচনা করেছে তিনটি বিষয়। এক. পার্সির বয়স—আগামী ৬ আগস্ট ২৯-এ পা রাখছেন ডাচ স্ট্রাইকার। দুই. আর্সেনালের সঙ্গে পার্সির চুক্তির এটাই শেষ বছর। তিন. এরই মধ্যে আর্সেনাল ছাড়ার ইচ্ছার কথাটা জানিয়ে দিয়েছেন পার্সি। যদিও ইউনাইটেডের এক কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাবটিও প্রত্যাখ্যান করেছে আর্সেনাল, তার পরও তাদের বিশ্বাস, সমঝোতার ভিত্তিতে দুই কোটি পাউন্ডেই চুক্তিটা করা যাবে। ওদিকে নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এই ‘যুদ্ধে’ নেমে পার্সিকে নেওয়ার জন্য প্রয়োজনে এডিন জেকো এবং কার্লোস তেভেজকে বিক্রি করতেও প্রস্তুত সিটি। তবে তার আগে প্রয়োজন ইউনাইটেডের চেয়ে বড় প্রস্তাব পাঠিয়ে সুবিধাজনক অবস্থান নেওয়া। কোচ রবার্তো মানচিনিও চাইছেন, সিটি ইউনাইটেডের চেয়ে বড় প্রস্তাব পাঠিয়ে পার্সির কাছে এই বার্তা পৌঁছে দিক, তাঁকে পেতে সিটি যেকোনো কিছুই করতে প্রস্তুত।দুই প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ের পাশে আছে জুভেন্টাসও। শেষ পর্যন্ত ম্যানচেস্টার দুই ক্লাবকেই হতাশ করে পার্সির সঙ্গে ইতালিয়ান চ্যাম্পিয়নরাও চুক্তি করে ফেললে অবাক করার কিছু থাকবে না। ওয়েবসাইট।