পার্সির সঙ্গী কিউট
বাইসাইকেল কিক, ব্যাকভলি ব্যাপারগুলো ফুটবল থেকে উঠে যেতেই বসেছে। দুই-একজন যা একটু চেষ্টা-টেষ্টা করতেন, তাঁরা এখন বোধহয় সেটা বাদ দিয়ে দেবেন। অন্তত ডির্ক কিউটের খবর পাওয়ার পর কারও বাইসাইকেল কিক করার চেষ্টা করার আগে অনেকবার ভাবার কথা।অনুশীলনে এই চেষ্টা করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে গেছেন হল্যান্ডের আক্রমণভাগের এই খেলোয়াড়। পরশু হল্যান্ডের ম্যাচ ছিল ফিনল্যান্ডের বিপক্ষে, এর আগে অনুশীলনে বাইসাইকেল কিক করতে গিয়ে কলার-বোন ও কাঁধের সন্ধিস্থলে চোট পেয়েছেন কিউট। লিভারপুলের চিকিৎসক জানিয়েছেন, তাঁদের এই তারকা অন্তত চার সপ্তাহের আগে মাঠে ফিরতে পারছেন না।আরও সপ্তাহ চারেকের আগে মাঠে ফিরতে পারছেন না আর্সেনাল তারকা ফন পার্সিও। ফন পার্সি অবশ্য হল্যান্ডের অনুশীলনে বা খেলায় চোট পাননি। গত ২৮ আগস্ট ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে তিনি চোট পেয়েছেন ক্লাবের হয়ে খেলতে গিয়ে। আগে ভাবা হয়েছিল, এই মাসেই মাঠে ফিরতে পারবেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, অক্টোবরের আগে ফেরার সম্ভাবনা নেই তাঁর। রয়টার্স, ওয়েবসাইট।