পার্সির হ্যাটট্রিক, শেষ আটে ম্যান ইউ-ডর্টমুন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ লিগে যাচ্ছে-তাই অবস্থা। এক থেকে ছয়ের মধ্যে নেই, আছে সাতে (তবে কয়েকটি ম্যাচ এখনও বাকি)। এর পরের বার চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে কিছুটা সংশয়ে দলটির সমর্থকেরা। ফার্গুসন যাওয়ার পর থেকেই দলটি কেমন জানি খেই হারিয়েছে। তবে বুধবার তারাই এবারের চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার ফাইনালে পৌঁছাল।

এতক্ষণ বলা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কথা। ডাচ খেলোয়াড় রবিন ফন পার্সির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে গেল ম্যান ইউ। ওল্ড ট্রাফোর্ডে বুধবার তারা অলিম্পিয়াককে ৩-০ গোলে হারিয়েছে।

রুনি-পার্সির দল প্রথম লেগে ২-০ তে হেরেছিল। তবে আজ (৩-০) দুর্দান্ত খেলে সেরা আটে জায়গা নিশ্চিত করে নিয়েছে তারা। তিনবারের চ্যাম্পিয়নরা খেলার ২৫ মিনিটে পার্সির পেনাল্টি গোলে এগিয়ে যায়। প্রথম অর্ধের শেষ হওয়ার কিছু আগে আবারও গোল পায় ম্যান ইউ এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় আবার গোল। প্রথমটির মত পরের দুটি গোলও পার্সি পা থেকেই।

এদিকে গতবারের রানার আপ বুরুসিয়া ডর্টমুন্ডও শেষ আটে পৌঁছেছে। জার্মান এই ক্লাবটি জেনিতের কাছে হারলেও প্রথম লেগে জয়ের ফলে ৫-৪ এ এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল পৌঁছাল তারা।

কোয়ার্টার ফাইনালের অপর দলগুলো হল—চেলসি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেইন, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ। আগামী শুক্রবার ড্র। এর পরেই আবার মাঠে নামবে নেইমার, রোনালদো, মেসি, ইতো, রুনিরা। এবার লক্ষ্য সেমিফাইনাল। রয়টার্স।