মাঠ ছাড়লেও আছেন ধারাভাষ্যকক্ষে। আজ ওভালে যখন পা রাখবেন, অদ্ভুত একটা অনুভূতি হতে পারে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাদের। যে অনুভূতির সঙ্গে পরিচয় নেই তাঁদের। অ্যাশেজ হেরে ওভালে আসা হয়নি কখনোই! নতুন, কিন্তু ঠিক উল্টো অনুভূতির সঙ্গে পরিচয় হবে মাইকেল আথারটন, নাসের হুসেইনদের। অ্যাশেজ জয়ের তরতাজা ও ফুরফুরে অনুভূতি সঙ্গে করে ওভালে ঢুকবেন প্রথমবার!এই চারজনকে টেনে আনা অ্যাশেজের একটা যুগের প্রতিনিধি হিসেবে। ১৯৮৯ থেকে ২০০১, অ্যাশেজ মানেই যখন অস্ট্রেলিয়ার অনায়াস জয়। ১৮৯৬ থেকেই ইংল্যান্ডে অ্যাশেজের শেষ টেস্ট নিয়ম করে হয়ে আসছে ওভালে। কিন্তু ওয়ার্ন-আথারটনদের ওই সময়টায় শেষের আগেই শেষ হয়ে যেত অ্যাশেজ। ওভাল আসতে আসতেই সিরিজ জেতা হয়ে যেত অস্ট্রেলিয়ার। এবারও ওভালের আগেই অ্যাশেজ শেষ, তবে জয়ী দলের নাম ইংল্যান্ড! এবারের ওভাল বদলে যাওয়া সময়েরই প্রতীক। একসময় সান্ত্বনার জয়ের জন্য ওভালের দিকে তাকিয়ে থাকত ইংল্যান্ড। এখন তাকিয়ে অস্ট্রেলিয়া!এখন মাঠে না থাকলেও আথারটন-হুসেইন-স্টুয়ার্ট-গফদের প্রজন্মের জন্য অনুভূতিটা অনির্বচনীয়। এখনকার কুক-ব্রডদের জন্য তো বটেই। সর্বশেষ যখন অ্যাশেজ জিতে ওভালে এসেছে ইংল্যান্ড (১৯৮১), গ্রায়েম সোয়ানের বয়স তখন দুই, কেভিন পিটারসেনের মুখে কেবল বুলি ফুটতে শুরু করেছে, জোনাথন ট্রট মায়ের কোলে। ওভালের ইংল্যান্ড স্কোয়াডের বাকি কারও জন্মই হয়নি!ইংলিশদের উচ্ছ্বাসের ব্যাপ্তি যত বেশি, ততটাই তীব্র অস্ট্রেলিয়ানদের যন্ত্রণা। নব্বই দশকের অ্যাশেজ গৌরবগাথা সব চাপা পড়ে যাচ্ছে সাম্প্রতিক একের পর এক লজ্জায়। ৫৭ বছর পর টানা তিন অ্যাশেজ হারের লজ্জা তো সঙ্গী হয়েই গেছে। অপেক্ষায় আছে আরও বেশ কটি। ইংল্যান্ডে কখনোই এক সিরিজে চার টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ৪-০-তে অ্যাশেজও হারেনি কখনো। ১৯৭৭ সালের পর কাটায়নি জয়বিহীন কোনো অ্যাশেজ। এত সব ‘লজ্জা’র চোখ রাঙানি নিয়ে ওভালে নামতে হচ্ছে মাইকেল ক্লার্কদের।ব্র্যাড হাডিনের বিশ্বাস, একটা জয় নিয়ে অন্তত দেশে ফিরতে পারবেন তাঁরা। ইংল্যান্ডে পা রাখার পর থেকেই ক্লার্ক যা বলে আসছিলেন, আত্মবিশ্বাসের সেই পুরোনো রেকর্ড বাজালেন এবার তাঁর ডেপুটি, ‘ড্রেসিংরুমে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই যে, শেষ টেস্ট আমরা জিততে পারি। সিরিজজুড়ে কয়েকবারই আমরা জয়ের মতো অবস্থায় ছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে যথেষ্ট ভালো খেলতে পারিনি। দল হিসেবে কতটা ভালো হতে পারি, সেটার ঝলক আমরা ঠিকই দেখিয়েছি। শুধু লম্বা সময় তা ধরে রাখতে পারিনি।’হাডিনের এই আত্মবিশ্বাসের উৎস কোথায়, সেটি অবশ্য বড় এক রহস্য। বরং চেস্টার-লি-স্ট্রিটে এক সেশনে ৯ উইকেট হারিয়ে যেভাবে হারল অস্ট্রেলিয়া, তাতে আত্মবিশ্বাসের কিছু আর অবশিষ্ট থাকার কথা নয়। আর ইংলিশদের আত্মবিশ্বাস অনুমিতভাবেই তুঙ্গে। টানা ১২ টেস্টে অপরাজিত থাকা অ্যালিস্টার কুকের দলকে পেয়েছে জয়ের নেশায়। গত টেস্টের নায়ক স্টুয়ার্ট ব্রড যেমন বলছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সটা ধরে রাখার তীব্র একটা ক্ষুধা আছে দলের মধ্যে। এই সপ্তাহে অস্ট্রেলিয়াকে ৪-০-তে হারানোর চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না।’ জোনাথন ট্রট চাইছেন অ্যাশেজ জয়ের আনন্দকে পরিপূর্ণতা দিতে, ‘দলের কেউই ম্যাচ হেরে মঞ্চে গিয়ে অ্যাশেজের ভস্মাধার উঁচিয়ে ধরতে চায় না। ম্যাচটা হেরে গেলে তা একটু মন খারাপ করার মতো ব্যাপারই হবে।’জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কুকও। শেন ওয়ার্নের ‘রক্ষণাত্মক অধিনায়ক’ খোঁচাটার জবাব দিয়েছেন দলের জয়কে মুগুর বানিয়ে, ‘এমন নয় যে, ক্রিকেটার বা অধিনায়ক হিসেবে এই প্রথম আমার সমালোচনা হলো। নিশ্চিতভাবে এটি শেষবারও নয়। নেতৃত্বের সমালোচনা হচ্ছে, কিন্তু দল ৩-০-তে এগিয়ে, এই অবস্থায় থাকতেই বরং আমি বেশি পছন্দ করব।’ঠিকই তো, দল জিততে থাকলে এসব সমালোচনায় কী-ই বা আসে যায়! তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।