পালিয়ে বাঁচলেন জিকো!
রণে ভঙ্গ দিলেন জিকো। নিজের পুরোনো ক্লাবের জন্য কিছু করতে গিয়ে একরকম পালিয়েই এলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।ফ্ল্যামেঙ্গোর সোনালি দিন এখন আর নেই। একসময় ব্রাজিলের ফুটবলকে শাসন করা ফ্ল্যামেঙ্গো এবার ভুগছে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের শঙ্কায়। লিগে ২৬ ম্যাচে মাত্র ৬টি জয় পেয়েছে তারা, ড্র করেছে ১১টি। ২৯ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৫-তে। একেকটা বাজে সময় আসে, আর কোচ পরিবর্তন করে ফ্ল্যামেঙ্গো। এই করেই এ বছরে তিনবার কোচ বদলেছে ক্লাবটি। কিন্তু অবস্থার হেরফের হচ্ছে না মোটেই। এএফপি, রয়টার্স। ফ্ল্যামেঙ্গোর সেই দাপটের দিন ফিরিয়ে আনতে সাবেক তারকা জিকোকে ডেকে এনেছিলেন কর্মকর্তারা। কিন্তু পরিচালক হিসেবে চার মাসই কাজ করতে পারলেন। কেন তিনি পালিয়ে এলেন? ‘ফ্ল্যামেঙ্গোকে নিয়ে আমি যা করতে চেয়েছি, সেটা করা সম্ভব নয়। আমার উপস্থিতি কিছু লোকের জন্য বিরক্তি আর অসন্তুষ্টির কারণ হয়েছে। বাকিটা আপনারাই বুঝে নিন’—ফ্ল্যামেঙ্গো ছাড়ার কারণ সম্পর্কে বললেন জিকো।