পাল্টা-আক্রমণেই পক্ষপাত আনচেলত্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলের নিয়ন্ত্রণ রেখে পরিকল্পিত আক্রমণ, নাকি দ্রুতগতির পাল্টা-আক্রমণভিত্তিক ফুটবল? কোন পথে হাঁটবেন কার্লো আনচেলত্তি? শুরুতে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ প্রথম ধারাতেই দলকে খেলাবেন। কিন্তু কাল নিজেই জানিয়ে দিলেন দ্বিতীয়টাই তাঁর পছন্দ।
পছন্দ অবশ্য হওয়ারই কথা। চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের সঙ্গে ম্যাচেই দেখা গেছে পাল্টা-আক্রমণে রিয়াল কতটা ভয়ংকর হতে পারে। পুরো ম্যাচে মাত্র ৪৯ শতাংশ বল পজেশন রেখেও রিয়াল তাই গুনে গুনে ছয় গোল দিয়েছে তুর্কি ক্লাবটির জালে। হ্যাটট্রিক করেছেন রোনালদো। আনচেলত্তি কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘আমার খেলোয়াড়দের এই দক্ষতাকে তো আমি অস্বীকার করতে পারি না। যদি তারা ৩০টি পাসের বদলে ৩টিতেই গোল পায় তাহলে সেটাই সই। আমরা দ্রুত আক্রমণে যাব। পাল্টা-আক্রমণে যাওয়ার মতো দুর্দান্ত সব খেলোয়াড় আছে আমাদের।’ যে দলে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, ইসকোদের মতো খেলোয়াড় আছে সে দলের কোচ এমনটা বলতেই পারেন!
লা লিগায় আজ গেটাফের সঙ্গে খেলবে রিয়াল। বেলের বার্নাব্যু অভিষেকটা আজই হয়ে যাওয়ার কথা। গেটাফে ডিফেন্ডারদের রাতটা কেমন যাবে কে জানে! এএফপি।