পাশাপাশি ম্যারাডোনা-মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, পোপ ফ্রান্সিস আর ডিয়েগো ম্যারাডোনা। কাল সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন সমর্থকেরা নিয়ে এসেছিলেন তিন বিখ্যাত আর্জেন্টাইনের পোস্টার l রয়টার্স
লিওনেল মেসি, পোপ ফ্রান্সিস আর ডিয়েগো ম্যারাডোনা। কাল সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন সমর্থকেরা নিয়ে এসেছিলেন তিন বিখ্যাত আর্জেন্টাইনের পোস্টার l রয়টার্স

ডিয়েগো ম্যারাডোনার কথাটা মনে আছে? কদিন আগেই আর্জেন্টাইন কিংবদন্তি বলেছিলেন, নেইমার যেমন ব্রাজিলের হয়ে খেলছেন, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসিকেও তেমনি খেলতে হবে। নাইজেরিয়ার সঙ্গে জোড়া গোল করে মেসি কিন্তু পাল্টা জবাবও দিয়ে দিয়েছেন। আগুয়েরো, হিগুয়েইনরা থাকতে মেসিকে পুরো আক্রমণের জোয়াল একা বইতে হবে, ভাবেননি অনেকেই। তবে আলেসান্দ্রো সাবেলা বলছেন, এটা প্রত্যাশিতই ছিল।
সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা গোল করেছে ছয়টি, এর চারটিই করেছেন মেসি। সাবেলা বলছেন, মেসির কাছ থেকে সেটি প্রত্যাশিতই ছিল, ‘সবাই যেমন আশা করছে, মেসি অসাধারণ একটা বিশ্বকাপ কাটাচ্ছে। সে এটা আশা করেছিল, ওর সতীর্থরা আশা করেছিল, সব আর্জেন্টাইনই আশা করেছিল।’ কিন্তু এভাবে একাই কেন মেসিকে দলের ভার টেনে নিতে হবে? সাবেলা কিন্তু এতে খুব একটা বিস্মিত নন, ‘আমার মনে হয় মেসি ও নেইমার দুজনেই অসাধারণ খেলোয়াড়। মেসি বিশ্বের সেরা, নেইমারও দারুণ একজন খেলোয়াড়। এটা খুবই স্বাভাবিক, ওদের ওপরেই দল নির্ভর করবে।’ একা দলকে টেনে নিয়ে যাওয়ার কথা বললে ডিয়েগো ম্যারাডোনার কথা না এসে পারে না। সাবেলাও মেসির মধ্যে ম্যারাডোনার সেই নেতৃত্বগুণ দেখছেন, ‘ম্যারাডোনা ১৯৮৬ সালে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল। মেসি আমাদের জন্যও এখন সে রকম গুরুত্বপূর্ণ।’ গোলডটকম।