পাশাপাশিই জামাল-বিজেএমসি
বিজেএমসি ৩: ১ ব্রাদার্সশেখ জামাল ৪: ২ রহমতগঞ্জদুই ম্যাচে ১০ গোল। স্থানীয়-বিদেশিরা মিলে করেছেন সমান পাঁচটি করে। বাংলাদেশ লিগে কালকের দিনে দেশি-বিদেশিদের ‘লড়াই’টা থাকল সমতায়।ব্রাদার্সের বিপক্ষে বিজেএমসিকে ৩-১ ব্যবধানে জেতাতে এক বিদেশির ভূমিকাই থাকল বেশি। রহমতগঞ্জকে ৪-২ গোলে হারাতে শেখ জামালের হয়ে বড় অবদান স্থানীয় খেলোয়াড়দের।বিকেলের কড়া রোদে নেমেই ছয় মিনিটে দুই গোল করেছে বিজেএমসি। দুটিই ইসমাইল বাঙ্গুরার। প্রথমটি পেনাল্টি থেকে, দ্বিতীয়টি রশিদের ক্রসে দারুণ এক শটে। ১৮ মিনিটে জামাল করেন ২-১। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার সাইফুল অনেক দিন পর নিজেকে মনে করিয়ে দিলেন ৪২ মিনিটে বিজেএমসি তৃতীয় গোলটা করে।রাতে ফ্লাডলাইটে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটা ছিল গতিময়। প্রথম পর্বে রহমতগঞ্জের কাছে হেরেছিল চ্যাম্পিয়ন জামাল। গত বছর পাতানো ম্যাচ খেলার অভিযোগে এই দুই দলকে জরিমানা করেছিল বাফুফে।কাল ১৫ মিনিটে সোহেল রানা এগিয়ে নেন শেখ জামালকে। দুই মিনিট পরই ব্যবধান বাড়ান দলের কোচ কাম খেলোয়াড় আপুসি। ৬০ মিনিটে মিশু করেন ৩-০। ইদ্রিস কাসুরি পেনাল্টি থেকে ৩-১ করলে ৮৫ মিনিটে কেস্টার করে দেন ৪-১। একটু আগেই কেস্টারের পেনাল্টি আটকে দেন রহমতগঞ্জের গোলরক্ষক শাকিল। শেষ মিনিটে ফ্রান্সিসের দুর্দান্ত শটে ৪-২ করলেও হার এড়াতে পারেনি রহমতগঞ্জ। দুটি গোল হজম করলেও শেখ জামালকে দুটি নিশ্চিত গোল থেকে বাঁচান গোলরক্ষক আমিনুল।টানা দুই জয়ে ১৪ ম্যাচে জামাল ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল পঞ্চম স্থানে। ৯ পয়েন্ট নিয়ে সবার নিচে রহমতগঞ্জ। ব্রাদার্স ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে, ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বিজেএমসি চারে।ড্রেসিংরুম নিয়ে ক্ষোভ: দেশের সর্বোচ্চ লিগে খেলতে এসে ড্রেসিংরুমে সামান্যতম সুযোগ-সুবিধাও পাচ্ছেন না খেলোয়াড়েরা। ফেনী, টাঙ্গাইলের দুরবস্থার কথা না-ই বলা হলো। খোদ ঝকঝকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেসিংরুমেরই বেহাল দশা। এ নিয়ে ফুঁসে উঠছে দলগুলো। কাল বিজেএমসির খেলোয়াড়েরা পোশাক পরেছেন মাঠে দাঁড়িয়ে!শেখ জামালের গোলরক্ষক আমিনুলের ক্ষোভ, ‘ড্রেসিংরুমে একটা ফ্যান দিয়ে চলে? নোংরা আর গরমে বেহাল দশা। চেয়ার পর্যাপ্ত নয়। এক চেয়ারে বসতে হয় দুজন। পেশাদার লিগে এমন অব্যবস্থাপনা কল্পনাও করা যায় না। খেলোয়াড়েরা মাঠে নামার আগেই অর্ধেক শক্তি শেষ। ওটার ভেতরে কেউ ঢোকে না, বাইরে দাঁড়িয়ে থাকে।’ম্যাচ কমিশনার বশির আহমেদ ও এম আর মুকুল জানিয়েছেন, তাঁরা ড্রেসিংরুমের দুরবস্থার কথা ফেডারেশনকে জানিয়েছেন। পেশাদার লিগ কমিটির কো-চেয়ারম্যান আবদুর রহিমের দাবি, ‘আমরা ফ্যান বাড়িয়েছি। ভিআইপি ড্রেসিংরুম দুটি ব্যবহারের উদ্যোগ নিতে বলব লিগ কমিটির সভাপতিকে।’মেসিদের সফরের সময় করা অত্যাধুনিক ড্রেসিংরুম দুটি বন্ধ। খেলোয়াড়দের প্রশ্ন, কার জন্য ওই ড্রেসিংরুম?