পাহাড়ি কন্যাদের হকি-স্বপ্ন
হকির নিয়মকানুন এখনো ভালোমতো রপ্ত করতে পারেনি অলকা তঞ্চঙ্গ্যা, ত্রাওয়া মারমারা। মাত্র ১২ দিনের অনুশীলনেই চলে এসেছে ঢাকায়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল শুরু হওয়া জাতীয় মহিলা হকিতে খেলছে বান্দরবানের এই মেয়েরা। গতবার প্রথম টুর্নামেন্টেও অংশ নেওয়া বান্দরবান দলের চারজন ত্রাওয়া, রেখা, মারিয়া সাইলুক ও শ্রাবণী এবারও খেলছে। বাকিরা নতুন। কিন্তু খেলা উপভোগ করছে সবাই। অ্যাস্ট্রোটার্ফ প্রথম দেখে বিস্মিত অলকা বলছিল, ‘আগে কাবাডি, হ্যান্ডবল খেলতাম। হকিটাই এখন বেশি ভালো লাগে। আর আমি প্রথমে মনে করেছিলাম মাঠটা মনে হয় কার্পেটের!’ পাহাড়ি মেয়েদের হকিতে দারুণ সম্ভাবনা দেখেন দলের ম্যানেজার মানু মে, ‘এদের বেশ কজন খুবই ভালো খেলে। সুযোগ পেলে ভবিষ্যতে ওরা অনেক ভালো করবে। এই অঞ্চলের অনেক মেয়েই ফুটবলকে পেশা হিসেবে নিয়েছে। নিয়মিত মহিলা হকি হলে বান্দরবান থেকেও অনেক মেয়ে হকিতে আসবে।’ ফেডারেশন হকিস্টিক, গ্লাভস, জার্সি ও বল দিয়েছে সবাইকে। কাল উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে আনন্দময়ী বালিকা বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে নাহার একাডেমিকে। শাহীন সুলতানা ২টি ও হাজেরা আক্তার ১টি গোল করেছে।