পাহাড়ি হাসির ঝরনা
চিম্বুক পাহাড়, শঙ্খ নদ, বগা লেক। আকাশে হেলান দিয়ে ঘুমিয়ে পাহাড়। সেখানেই ঘুমিয়ে ছিল এক টুকরো প্রতিভা। বান্দরবানের লামা থেকে ঢাকায় এসে যে প্রতিভা পাপড়ি মেলল। দক্ষিণ এশীয় গেমসে কারাতের ইতিহাসে প্রথমবারের মতো সোনা এল অনেকগুলো। কাল মিরপুরের শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তারই একটি জিতলেন লামার মেয়ে জ উ প্রু, মেয়েদের ব্যক্তিগত কাতা ইভেন্টে।জ উর বয়স যখন সাত বছর, আর্থিক অনটনে পড়ে বাবা-মা তাঁকে পাঠিয়ে দেন আশ্রমে। লামার মহামুনি শিশুসদনে বেড়ে উঠতে থাকে মেয়েটি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দারুণ আগ্রহ ছিল তাঁর। আগ্রহ ছিল মা-বাবারও। একদিন সদর জেলা পরিষদের চেয়ারম্যান যোশেলার সঙ্গে পরিচয় হয় তাঁদের। জ উর এমন আগ্রহ দেখে মার্শাল আর্টের এই খেলায় ভর্তি করে নেন। তিনিই জ উর প্রথম কোচ।যান্ত্রিক নগরের ব্যস্ততা নেই লামায়। বিদ্যুত্ই পৌঁছায়নি সেখানে। মিরপুরে ইনডোরে যখন গণমাধ্যম তাঁকে নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে তখনো জ উর বাবা-মা জানতে পারেননি খবরটা। জানেনই না, দেশের জন্য কত বড় উত্সবের উপলক্ষ বয়ে এনেছেন তাঁদের মেয়ে।এই ইভেন্টে কিন্তু খেলারই কথা ছিল না জ উর। আসল প্রতিযোগী মুন্নি ক্যাম্প চলাকালে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন। তার পরও অনেক কষ্টে সুযোগ পান জ উ। সাত বছর ধরে মেয়েদের একক কাতায় অপরাজিত জ উকে নিয়ে যে ভুল করেননি নির্বাচকেরা সেটাই প্রমাণ করে দিলেন কাল। সবাই বছরের শুরুতে ক্যাম্পে যোগ দিলেও গত জুন থেকে প্রস্তুতি শুরু হয় জ উর।পদকে চুমু খেয়ে সোনালি হাসি ছড়িয়ে বললেন, ‘আমার খুব ভালো লাগছে। আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’তাঁর এই সাফল্যে জাপানি কোচের অবদানের কথাও স্বীকার করেছেন অকুণ্ঠচিত্তে, ‘আমার জাপানি কোচ মাসাইওশি কাগাওয়া আমাকে ভীষণ চাপ দিতেন। কোচ সব সময় বলতেন তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। কোচের আশা পূরণ করতে পেরেছি বলে আমি খুশি।’কারাতেই তাঁর ধ্যানজ্ঞান। তাই অবসর পেলেই চলে যান লামায়। সেখানে নিজের একটা কারাতে ক্লাব আছে। ইউনাইটেড ক্লাবের ছেলেমেয়েদের কারাতে শেখান। তাঁর স্বামীও কারাতে প্রশিক্ষক।জ উকে নিয়ে যখন মাতামাতি চলছে, তখন ইনডোরের এক কোণে পাওয়া গেল তাঁর আসল কোচ জসিমউদ্দিনকে। কাছে যেতেই একগাল হেসে বললেন, ‘ওকে আমি আবিষ্কার করি লামায় এক আশ্রমে। আমরা প্রায়ই ঢাকা থেকে ওখানে যেতাম কারাতে শেখাতে। আমাদের একটা একাডেমি আছে। তখন আমি ওর প্রতিভা দেখে মুগ্ধ হই।’দক্ষিণ এশিয়ার সেরা জ উর দৃষ্টি এখন কমনওয়েলথ গেমস ছাড়িয়ে অলিম্পিক পর্যন্ত বিস্তৃত, ‘আমি অলিম্পিকেও খেলতে চাই।’লামা থেকে ঢাকার দূরত্ব সাড়ে চার শ কিলোমিটার হবে। কিন্তু জ উর দৃষ্টি সুদূরে। সেই পথের প্রথম ধাপে পা দিলেন কাল।