পাহেইরার চোখে ব্রাজিল-বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের কাছে হেরে হতাশা আর লজ্জায় মুখ ঢেকে দেশে ফিরে গেছে ব্রাজিল। ব্যর্থতার দায় চাপিয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশন কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে কার্লোস দুঙ্গাকে। তার পরও ব্যর্থতার কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত আর গবেষণা চলছেই। দুঙ্গাকেই দুষছেন বেশির ভাগ বিশ্লেষক। তবে ব্রাজিলের সাবেক কোচ কার্লোস আলবার্তো পাহেইরা মনে করেন, ব্রাজিল হেরেছে প্রথম গোলটি খাওয়ার পর খেই হারিয়ে ফেলার জন্য।হল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রবিনহোর দেওয়া গোলে প্রথমার্ধে ব্রাজিলই এগিয়ে ছিল ১-০ তে। দ্বিতীয়ার্ধে ওয়েসলি স্নাইডারের হেডে ম্যাচে সমতা ফেরার পর পরই ব্রাজিলিয়ানরা মাঠে খেই হারিয়ে ফেলেন। স্নাইডারের দ্বিতীয় গোল এবং আরিয়েন রোবেনকে পা দিয়ে মাড়িয়ে মেলোর লাল কার্ড প্রাপ্তিও তারই ফসল।ব্রাজিলের মতো অভিজ্ঞ একটি দল মাঠে এভাবে মাথা গরম করে ফেলল কেন, সেটা বুঝতে পারছেন না পাহেইরা। সেদিনের ম্যাচ নিয়ে বলেছেন, ‘এটা (হার) ছিল লজ্জার। কারণ ব্রাজিল ভালোই খেলছিল। এর আগে অনেকগুলো ম্যাচ জিতেছিল তারা। প্রথমার্ধে চমৎকার খেলেছে তারা। এই সময়েই তারা ম্যাচ নিজেদের আয়ত্তে নিতে পারত। আমি বুঝতেই পারছি না, হল্যান্ড সমতা ফেরানোর পর দলে কীভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ল! ব্রাজিলের মতো অভিজ্ঞ একটি দল এ সময়ে কীভাবে মাথা ঠিক রাখতে পারল না!’দুঙ্গার দল কোপা আমেরিকা ও এক বছর আগে এই দক্ষিণ আফ্রিকাতেই জিতেছিল কনফেডারেশনস কাপ। ২০০৬ বিশ্বকাপের আগে পাহেইরার ব্রাজিলও জিতে এসেছিল কোপা আর কনফেডারেশনস কাপ। দুবারই ব্রাজিল বিদায় নিল কোয়ার্টার ফাইনাল থেকে। মিলটা ধরা পড়েছে পাহেইরার চোখেও, ‘আমি মনে করি, সেই একই ফল। এবারও ঠিক একই ঘটনা।’ব্রাজিল তার পুরোনো স্টাইল থেকে এখন অনেক রক্ষণাত্মক বলে দুঙ্গার সমালোচনা হচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। কোচ হিসেবে সাবেক শিষ্যর পাশেই পাহেইরা, ‘নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। প্রত্যেক দেশেরই অনুশীলনের নিজস্ব পন্থা আছে, দর্শন আছে। গুরুত্বপূর্ণ হলো সাফল্য এবং ফলাফল।’ এবারের বিশ্বকাপে পাহেইরা ছিলেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কোচ। তার দল স্বাগতিক দল হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জার রেকর্ড গড়েছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন পেরেইরা, ‘আমি ব্রাজিলের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাব এবং তিনটি জাতীয় দল থেকে প্রস্তাব পেয়েছি। এ বছরের শেষের দিকে আমার সঙ্গে কাজ শুরু করতে চায় তারা। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আর ব্রাজিলের বাইরে যাব না। আগামী ডিসেম্বর পর্যন্ত আমি বিশ্রাম নেব আর পরিবারের সঙ্গে সময় কাটাব।’ ওয়েবসাইট।