পাড়ি দিতে হবে অনেক পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে বৃষ্টি চোখ রাঙায়নি। ঢাকার আকাশে ছিল ঝকঝকে রোদ। বাংলাদেশ দলের জন্যও সকালটা এসেছে উজ্জ্বল হয়ে। কাল টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলে দুই কিউই টেলএন্ডার ইশ সোধি আর বিজে ওয়াটলিং যেভাবে বাংলাদেশের ভাগ্যাকাশের কালো মেঘ হয়ে এসেছিলেন। সকালে সেই মেঘ খুব দ্রুতই সরিয়ে ফেলতে পেরেছে মুশফিক বাহিনী। কাল দিনের শেষে ৪১৯ রানের সঙ্গে আর মাত্র ১৮ রান যোগ করতেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস। ১৫৫ রানে পিছিয়ে থেকে কিউইদের ৪৩৭ রানে থামিয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর বাংলাদেশ তুলতেই পারে। লিডটা তো আর ২০০ ছাড়িয়ে যায়নি!

কাল দিনশেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ঢাকা টেস্টে বাংলাদেশের করণীয়। অমীমাংসিতভাবে এই টেস্ট শেষ করাই হবে বাংলাদেশের জয়ের সমান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু মোটেও আশা-জাগানিয়া নয় বাংলাদেশের। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। সাজঘরে ফিরেছেন এনামুল হক ও মার্শাল আইয়ুব।

তামিম-এনামুল উদ্বোধনী জুটি দলকে এনে দিতে পেরেছেন মাত্র ৩৯ রান। এর মধ্যে এনামুলের সংগ্রহ ২২। পুরো টেস্ট ম্যাচের চিত্রটি এনামুলের মাথায় ছিল কি না, সেটা তাঁর ব্যাট করার ধরন দেখে একবারও বোঝা যায়নি। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ২৬ বল খেলেই  অফস্টাম্পের বাইরের  বল খোঁচা দিয়ে তিনি ধরলেন প্যাভিলিয়নের পথ। অথচ দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটির কাছ থেকে একটা শক্ত ভিত্তির প্রত্যাশা তো অমূলক কিছু ছিল না। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ প্র্যাকটিসের মতো করে তাঁর ক্যাচ লুফেছেন রস টেলর। বোলার ছিলেন সেই নিল ওয়াগনার।

প্রথম ইনিংসে মোটামুটি ভালো খেলা আইয়ুব এই ইনিংসে ব্যর্থ। তিনিও নিজের অফস্টাম্পের অবস্থানটা না বোঝার মাশুলটা দিয়েছেন। ব্যক্তিগত ৯ রানে তিনি আবারও নিল ওয়াগনারের শিকার। এ ক্যাচটিও নিয়েছেন টেলর।

এখনো পর্যন্ত দলের জন্য ভরসা হয়েই আছেন তামিম। প্রথম ইনিংসে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা তামিমকে আজ চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করতেই হবে। তাঁকে এই ইনিংসে যে একটি বড় ইনিংস খেলতেই হবে। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত তামিমের সংগ্রহ ৩২। ৮৫ বল খেলে তিনি চারের মার মেরেছেন ৩টি। তাঁর সঙ্গী মমিনুল হকের সংগ্রহ ২০। ৩৮ বল মোকাবিলা করা মমিনুল আর তামিমের জুটিটা যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে একটা লড়াইয়ের প্রত্যাশা করা যেতেই  পারে। পাড়ি দেওয়ার অনেকপথ যে এখনো বাকি!