পি সারায় আজ টেন্ডুলকারের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচিতে ইমরান, আকরাম, কাদিরদের বিপক্ষে ভারত নামিয়ে দিল ষোলো বছরের এক কিশোরকে। দুই টেস্ট পর ওয়াকার ইউনুসের বাউন্সারে রক্ত ঝরল সেই কিশোরের। উইকেটে তাঁর সঙ্গী বললেন অবসর নিতে। চোয়াল শক্ত করে সেই কিশোর বললেন, ‘আমি খেলে যাব।’ এরপর কেটে গেছে ২০ বছরেরও বেশি। সেদিনের সেই কিশোর খেলে ফেলেছেন আরও ১৬৪ টেস্ট। আজ মধ্য তিরিশ পেরিয়েও শচীন টেন্ডুলকার বলছেন, ‘আমি খেলে যাব!’কতকিছুই না বদলে গেছে এই ২০ বছরে। কত আইনের পরিবর্তন হলো, তৃতীয় আম্পায়ার থেকে ইউডিআরএস, হটস্পট প্রযুক্তি এসে গেছে। শুধু বদলায়নি ক্রিকেটের প্রতি টেন্ডুলকারের ভালোবাসা। খেলাটাও তাই তাঁকে দিয়েছে দুহাত ভরে। সেদিনের ‘বিস্ময় বালক’ আজ জীবন্ত কিংবদন্তি। এই ২০ বছরে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, যে প্রায় প্রতিদিনই হচ্ছে নতুন নতুন অর্জন। কিন্তু আজ কলম্বোর পি সারা ওভালে খেলতে নেমেই যে কীর্তিটি গড়ছেন টেন্ডুলকার, অগুণতি অর্জনের ভিড়ে যেটি জায়গা পাবে একদম শুরুর দিকে। স্টিভ ওয়াহকে পেছনে ফেলে টেস্ট খেলার চূড়ায় উঠছেন আজ ভারতের ক্রিকেট-দেবতা।এই অর্জনটা কেন ‘বিশেষ’, কাল সেটা ব্যাখ্যা করেছেন টেন্ডুলকার নিজেই, ‘এমন একটা স্বপ্নপূরণ হচ্ছে, যে স্বপ্নের সঙ্গেই ছিল আমার বসবাস। অন্য অনেক কিছুই অর্জন করা যায়, কিন্তু অনেকগুলো বছর ধরে খেলে, অনেকগুলো সফর করার পরই এই অর্জন সম্ভব। আমার সত্যিই খুব ভলো লাগছে। ২০টা বছর লেগেছে এই অবস্থানে আসতে।’ একটা সময় খুব বেশি টেস্ট খেলার সুযোগ পেত না ভারত। কিন্তু শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর একটি হওয়ার পর থেকেই প্রচুর টেস্ট খেলছে তারা। রেকর্ডে এরও যে একটা ভূমিকা আছে, অস্বীকার করতে পারেননি টেন্ডুলকার, ‘গত কয়েক বছরে আমরা অনেকগুলো টেস্ট খেলতে পেরেছি। নব্বইয়ের দশকের শুরুর দিকে, খুব বেশি খেলার সুযোগ পেতাম না। এমনও হয়েছে বছরে মাত্র দুটি টেস্ট খেলেছি। এখন পরিস্থিতি বদলে গেছে।’ষোলো বছর বয়সে অভিষেক সিরিজে ইমরান, আকরাম, ওয়াকারদের বিপক্ষে সেই বুক চিতিয়ে লড়াই অংশ হয়ে গেছে ক্রিকেট রূপকথার। পরের ২০ বছরে ক্রিকেটীয় রূপকথার জন্ম কম দেননি। পেছনে ফিরে তাকালে কীভাবে দেখেন এই দীর্ঘ অভিযাত্রা? ‘সত্যিই দীর্ঘ অভিযাত্রা। টেস্টের প্রথম দিনটা আমার আজও মনে পড়ে। অনুভূতিটা ছিল পুরোপুরি ভিন্ন, অন্য যেকোনো ধরনের ক্রিকেটের চেয়ে আলাদা। সেই থেকে সবকিছুই খুব ভালোভাবে এগিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে এই দীর্ঘ অভিযাত্রায় আমি সত্যিই গর্বিত।’কোন সঞ্জীবনী সুধায় সম্ভব হয়েছে এতগুলো বছর ধরে নিজেকে চাঙা রাখা, সব পেয়ে যাওয়ার পরও নিজেকে একই রকম ক্ষুধার্ত রাখা? রহস্য ভাঙলেন টেন্ডুলকার নিজেই, ‘দীর্ঘ অভিযান, কিন্তু সত্যিই খুব দ্রুত কেটেছে। আমার প্রত্যাশার চেয়েও দ্রুত। সময় উড়ে যায়, এটাকে স্রেফ উপভোগ করতে হয়। এটা একটা বৃত্ত। সব সময় সেরা অবস্থায় থাকা সম্ভব নয়, খারাপ সময় আসে। কিন্তু আমি যে সাধারণ ফর্মুলা অনুসরণ করেছি তা হলো, খারাপ সময় এলেই আমি আরও বেশি পরিশ্রম করার কারণ খুঁজে পেয়েছি। সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি নিজেকে এগিয়ে নিয়ে যেতে।’মুত্তিয়া মুরালিধরনের বিদায়ে সিরিজের প্রথম টেস্টটি ছিল মুরালিময়। শেষটি হচ্ছে টেন্ডুলকারময়। মাঠের পারফরম্যান্স যা-ই হোক, পি সারায় পাঁচ দিন ধরেই কেন্দ্রবিন্দুতে থাকবেন টেন্ডুলকার।১-০-তে পিছিয়ে থাকা ভারত বড় ধাক্কা খেয়েছে, কারণ সিরিজ নির্ধারণী এই টেস্টেও থাকছেন না গৌতম গম্ভীর। শঙ্কা আছে গত দুই দিন অনুশীলনে অনুপস্থিত হরভজন সিংকে নিয়েও। অন্যদিকে চোট কাটিয়ে ফেরা মালিঙ্গাকে পেয়ে শ্রীলঙ্কা নামছে পুরো শক্তি নিয়ে। ওয়েবসাইট।