পিএফএর বর্ষসেরা ফন পার্সি
৩৫ ম্যাচে ২৭ গোল! এখানেই শেষ নয়, চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ১২টি গোলে সহায়তাও করেছেন। এমন ঈর্ষণীয় পারফরম্যান্সের পর অনেকটা অনুমিতই ছিল—ইংলিশ প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাবটা রবিন ফন পার্সিই জিতছেন। হয়েছেও তাই। ফুটবলারদের ভোটে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২৮ বছর বয়সী ডাচ স্ট্রাইকার।ডেনিস বার্গক্যাম্প (১৯৯৭-৯৮) এবং রুড ফন নিস্টলরয়ের (২০০১-০২) পর তৃতীয় ডাচ ফুটবলার হিসেবে ইংল্যান্ডে এ পুরস্কারটা জিতলেন পার্সি। আর আর্সেনালের হয়ে ২০০৪ সালে থিয়েরি অঁরির পর দ্বিতীয়। লন্ডনে রোববার আলো ঝলমল অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে বর্ষসেরার ট্রফি। সাফল্যের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত পার্সি, ‘যদি অন্যরা এমন বলে এটা বিশেষ কিছু, তবে তা আরও বিশেষ কিছু যদি সেটা বলে আপনার প্রতিপক্ষরা। যদি তারা এটা মেনে নেয়, আমিই সেরা ফুটবলার, এটা আমার জন্য বড় সম্মানের।’২০০৪ সালে ফেইনুর্দ থেকে আর্সেনালে যোগ দেন পার্সি। এই ক্লাবে অনেক দিন পার করলেও কখনোই দলের প্রধান স্ট্রাইকার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেননি, যেমনটা এবার করেছেন। আর্সেনালের পক্ষে এই মৌসুমে সব মিলিয়ে করেছেন ৩৪ গোল, যার মধ্যে আছে দুটি হ্যাটট্রিকও।তবে পিএফএর বর্ষসেরা ট্রফি হাতে নিয়ে এই সাফল্যের জন্য ফন পার্সি কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদেরও, ‘তাদের ছাড়া আমি এটা অর্জন করতে পারতাম না।’পার্সির অর্জনের রাতে স্বীকৃতি পেয়েছেন টটেনহাম হটস্পারের ইংলিশ ফুলব্যাক কাইল ওয়াকারও। বর্ষসেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। তবে পুরস্কার পেয়ে কাইল বেশ বিস্মিত, ‘কিছুটা অবাকই হয়েছি। কারণ আমি রক্ষণভাগের খেলোয়াড়। রক্ষণভাগের খেলোয়াড়েরা তো সেন্টার-ফরোয়ার্ডদের মতো পাদপ্রদীপে থাকে না।’ এএফপি, ওয়েবসাইট।