পিএফএর বর্ষসেরা রুনি
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে ওয়েইন রুনি করেছেন ৩৪ গোল। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬। প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে এই সাফল্যের স্বীকৃতি পেলেন ইংলিশ স্ট্রাইকার। ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের এই ভোটে নির্বাচিত রুনির প্রতিদ্বন্দ্বী ছিলেন সেস ফ্যাব্রিগাস ও দিদিয়ের দ্রগবা।মধ্য লন্ডনের গ্রসভেনর হাউস হোটেলে পিএফএর বর্ষসেরা পুরস্কার হাতে নেওয়ার পর শুধু ম্যানইউ সমর্থকদের নয়, গোটা ইংলিশ ফুটবল সমর্থকদের জন্যই সুসংবাদ শুনিয়েছেন রুনি। বিশ্বকাপ শুরুর আগে তিনি পুরোপুরি ফিট হয়ে তো উঠবেনই, লিগে ৯ মে স্টোক সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচটিও তিনি খেলতে পারেন, ‘মৌসুম শেষের আগেই মাঠে নামতে পারব বলে আশাবাদী আমি। বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা হবে না।’ইনজুরিতে পড়ার আগে যে ফর্ম দেখিয়েছেন, তাতে ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারই ইংল্যান্ডের বিশ্বকাপ আশা-ভরসার প্রতীক। তবে রুনি মনে করেন তাঁকে ছাড়াও ইংল্যান্ড বিশ্বকাপ জিততে সক্ষম, ‘অনেক বড় মাপের ফুটবলার আছে আমাদের। আমি ইনজুরিতে পড়লেও সমস্যা হবে বলে মনে হয় না।’২০০৬ সালে স্টিভেন জেরার্ডের পর এই প্রথম কোনো ইংলিশ ফুটবলার পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন। ২০০৭ ও ২০০৮ সালে এটি পেয়েছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, গত বছর ওয়েলসের রায়ান গিগস। পিএফএ পুরস্কার পেয়ে তাই উচ্ছ্বসিত রুনি, ‘এই পুরস্কার পাওয়ার অনুভূতিটাই আলাদা, কারণ খেলোয়াড়দের ভোটই এটা নির্বাচন করে। আমার মনে আছে, ২০০৫ ও ২০০৬ সালে উদীয়মান খেলোয়াড় হিসেবে আমি এই পুরস্কার জিতেছি। তখন দেখেছি বড় পুরস্কারটি অন্য কেউ নিয়ে যাচ্ছে। তখন থেকেই এটি পাওয়ার লক্ষ্য ছিল আমার।’ এএফপি, ওয়েবসাইট।